২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীনিবাসের নামকরণ নিয়ে গাজীপুরে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে ১৫ জন আহত

গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের নবনির্মিত ছাত্রীনিবাসের নামকরণকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ছাত্রদল ও ছাত্রলীগের কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 08:54 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে ছাত্রীনিবাসের নামকরণের প্রতিবাদে ছাত্রলীগ অধ্যক্ষ ও শিক্ষকদের কক্ষ অবরোধ করলে সংঘর্ষের সূচনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ নেতা-কর্মীরা মঙ্গলবার সকাল ১১ টার দিকে অধ্যক্ষ ও শিক্ষকদের কক্ষ অবরোধ করে সমাবেশ শুরু করে। কর্মসূচীর একপর্যায়ে দুপুর বারোটার দিকে ছাত্রদল নেতা--কর্মীরা ছাত্রলীগের উপর স্বশস্ত্র হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল বিণিময় হয়। পরে পুলিশের হস্তক্ষেপে ছাত্রলীগ অধ্যক্ষ ও শিক্ষকদের কক্ষের সামনে থেকে অবরোধ তুলে নেয়।

সংঘর্ষে ইট ও লাঠির আঘাতে জুয়েল, সাইফুল মোল্লা, মামুন মন্ডল, বিকাশ মাসুদ, সেলিম আহমেদ ও মাহফুজুর রহমান সহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়।