২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞাপন বিকেন্দ্রীকরণ সিদ্ধান্ত পূনর্বিবেচনা কুষ্টিয়ায় সাংবাদিক নির্যাতনে তদন্ত কমিটি গঠন করতে সম্পাদক, মালিক ও নেতাদের দাবি

সংবাদপত্র সম্পাদক, মালিক ও সাংবাদিক নেতারা নিউজপ্রিন্টের শুল্ক হ্রাস, বিজ্ঞাপন বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত পূনর্বিবেচনা, ওয়েজ বোর্ড বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা প্রদান, অফিসিয়াল সিক্রেসি আইনসহ ২১টি আইন সংস্কার এবং কুষ্টিয়ায় সরকার দলীয় সাংসদ ও তার ক্যাডারদের সাংবাদিক নির্যাতনের ঘটনা তদন্ত করতে সংসদীয় কমিটি গঠন ও নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগ দিয়ে তারা সংবাদপত্রের বিরাজমান সমস্যাগুলো তুলে ধরে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

কমিটির সভাপতি এবাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্য মন্ত্রী শামসুল ইসলাম, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর, বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি, হাফিজ ইব্রাহিম, মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন নোয়াব সভাপতি ও ইনডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, যুগান্তর সম্পাদক গোলাম সারওয়ার, বাসসের প্রধান সম্পাদক গাজীউল হাসান খান, আমার দেশের সম্পাদক আমানুল্লাহ কবীর, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সমকালের উপ - সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, বাংলাবাজার পত্রিকার সম্পাদক জাকারিয়া খান, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহম্মেদ, দিনকালের সম্পাদক কাজী সিরাজ, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার।

বিএফইউজের খ-িত দুই অংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মোজাম্মেল হক, একাংশের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিইউজে (একাংশের) সভাপতি আলতাফ মাহমুদ, অপরাংশের সাধারণ সম্পাদক সর্দার ফরিদ গাজীও  উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল সাংবাদিকদের জানান, মালিকরা সংবাদপত্রের নিউজপ্রিন্টের মূল্য বৃদ্ধির কারণে সৃষ্ট জটিলতা নিরসনে এর আমদানি শুল্ক হ্রাসের জন্য মন্ত্রী ও সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

বৈঠকে সাংবাদিক নেতারা জানান, দুর্নীতি রোধে ডিএফপির মাধ্যমে বিজ্ঞাপন বিতরণ বন্ধ করে বিজ্ঞাপন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করা হয়। কিন্তু এর মাধ্যমে মূলত: দুর্নীতিকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এ দুর্নীতি রোধে সরকারকে বিজ্ঞাপন ব্যবস্থা পূনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়।

সূত্র জানায়, বৈঠকে ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নকারী সংবাদপত্র সম্পাদকরা তাদের বেশকিছু দাবি তুলে ধরেন। তারা জানান, অনেক সংবাদপত্র রোয়েদাদ বাস্তবায়ন না করেও সুবিধা পাচ্ছে। কিন্তু যারা ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করেছে, তাদের কোনো পুরস্কার দেওয়া হচ্ছে না। এসব প্রতিষ্ঠানকে কিছু সুবিধা দেওয়ার দাবি জানানো হয়।

সভা শেষে সভাপতি এবাদুর রহমান বলেন, শুল্ক হ্রাসের ব্যাপারে মন্ত্রণালয়কে মালিক ও সাংবাদিক নেতাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।