২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির শারিরিক অবস্থার আরো উন্নতি, দুটি লাইফ সাপোর্ট সরিয়ে ফেলা হয়েছে

সিঙ্গাপুরে বাইপাস সার্জারির পর রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের শারিরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তার চিকিৎসার জন্য ব্যবহৃত তিনটি মেকানিক্যাল লাইফ সাপোর্ট সিস্টেমের মধ্যে দুটি সরিয়ে ফেলা হয়েছে। অপর ভেনটিলেটরটিও মুখ থেকে গলায় স্থানান্তর করা হয়েছে বলে বঙ্গভবন সূত্র জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বেলুন পাম্প ও ডায়ালাইসিসের সাপোর্ট প্রদানকারী মেশিন দুটি খুলে দেওয়ার পর রাষ্ট্রপতি আরো স্বাচ্ছন্দ বোধ করছেন বলে তার প্রেস সচিব এম মোখলেসুর রহমান চৌধুরী সোমবার জানান।

পরবর্তী দুদিনের মধ্যে গলায় স্থানান্তরকৃত ‘রেসপিরেটর’ মেশিনটিও খুলে ফেলা সম্ভব হবে। রাষ্ট্রপতির ফুসফুসে যে ইনফেকশন হয়েছিলো, তা পুরোপুরি পরিস্কার হয়ে গেছে। তবে তা সত্বেও আবার যাতে ইনফেকশন না হয়, এ জন্য তাকে সাময়িকভাবে এন্টিবায়োটিক দেওয়া হচ্ছে বলে বঙ্গভবন থেকে পাঠানো ফ্যাক্স বার্তায় বলা হয়।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব ওই ফ্যাক্স বার্তায় আরো জানান, কেবিনে না নেওয়া পর্যন্ত তার অবস্থা শঙ্কামুক্ত বলা যাবে না; তবে তার অবস্থার দ্রুত অগ্রগতিতে চিকিৎসকরা সন্তুষ্ট। চিকিৎসকরা বিশ্রামের জন্য তার ঘুমের ব্যবস্থা করা ছাড়া বাকি সময় রাষ্ট্রপতির জ্ঞান ও চেতনা পরিপূর্ণভাবে সচল রয়েছে।

তিনি জানান, রাষ্ট্রপতির পতœী প্রফেসর ড. আনোয়ারা বেগম তার পাশে অবস্থান করছেন এবং তাকে সুস্থ্য করে তুলতে চেষ্টা চালাচ্ছেন। তার চিকিৎসার কাজে নিয়োজিত মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মরিচ চু ও ডা. এমসি টং সার্বক্ষণিকভাবে রাষ্ট্রপতির অবস্থা পর্যবেক্ষণ করছেন। তারা আশাবাদ প্রকাশ করেন, এভাবে অগ্রগতি অব্যাহত থাকলে রাষ্ট্রপতিকে দুদিন পর কেবিনে নেওয়া সম্ভব হবে।

এদিকে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুন্সী ফয়েজ আহম্মেদ জানান, সিঙ্গপুরের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র প্রতিমন্ত্রী জায়নুল আবেদীন রশিদ তার স্ত্রীসহ সোমবার বিকালে রাষ্ট্রপতিকে দেখতে হাসপাতালে যান। তারা রাষ্ট্রপতির খোঁজ -- খবর নেন এবং দ্রুত আরাগ্য কামনা করেন।

সিঙ্গাপুরের স্থানীয় মসজিদে রাষ্ট্রপতির আরোগ্য কামনা করে দোয়ার ব্যবস্থা  করা হয়েছে বলে সে দেশের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র প্রতিমন্ত্রী জানান।