রংপুরে আগাম নির্বাচনী প্রচারণায় এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, দু’দলের রেশারেশির কারণে দেশের সর্বত্র অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে। বিএনপি - আওয়ামী লীগ যে যখন ক্ষমতায় থাকে দেশের উন্নতির পরিবর্তে তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ে।
জাতীয় পার্টি চেয়ারম্যান তার দলের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে শনিবার থেকে রংপুরের বিভিন্ন ইউনিয়নে আগাম নির্বাচনী প্রচারণায় সদর উপজেলার তামপাট, দর্শনা, সদ্যপুস্করনী ও সাতগাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় আগাম নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এ কথা বলেন।
সম্প্রতি গার্মেন্স ফ্যাক্টরিগুলোতে শ্রমিক অসন্তোষে ভাংচুরের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে শ্রমিক আন্দোলনের নামে অদৃশ্য একটি শক্তি গার্মেন্টস শিল্পকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে। অথচ এ শিল্প থেকে দেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা আয় হয়।
নির্বাচনী এসব পথসভায় এরশাদের সাথে ছিলেন জাপা জেলা সভাপতি সাংসদ করিম উদ্দিন ভরসা, সম্পাদক মশিউর রহমান রাঙ্গা, মোস্তাফিজুর রহমান মোস্তাফা, নজরুল ইসলাম কালু প্রমুখ। এরশাদ বলেন, দ্রব্য মুল্যের লাগামহীন উর্ধগতিতে নিম্ন আয়ের লোকজনের অবস্থা ত্রাহি।
তিনি বলেন, এত দুর্যোগের মধ্যে যোগ হয়েছে বিদ্যুত।
তিনি বলেন, জাপার শাসনামলে বিদ্যুত উৎপাদন যা ছিল এখনো তাই রয়েছে গেছে। বিদ্যুত উৎপাদনের নামে শত শত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এভাবে দেশ চলতে থাকলে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে।
