২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে অনিয়ম তদন্তে গঠিত উপ কমিটিকে সংসদীয় স্থায়ী কমিটির চরমপত্র

যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সিএনজি গাড়ি ক্রয়, রিফুয়েলিং স্টেশন স্থাপন ও জমি বরাদ্দে যোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত উপ কমিটিকে চরমপত্র প্রদান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 04:32 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

উপ কমিটিকে আগামী ১ জুনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওইদিন থেকেই উপ কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে।

জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

দীর্ঘ ছয় মাস পর অনুষ্ঠিত স্থায়ী কমিটির ওই বৈঠকে সদস্য ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা উপস্থিত ছিলেন না।

২০০৪ সালের ২৮ জানুয়ারি মাত্র তিন মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য গঠিত ওই উপ কমিটির আহ্বায়ক বিএনপি সাংসদ নাদিম মোস্তফা বৈঠকে আগামী ১৫ জুন পর্যন্ত সময় প্রার্থনা করলে স্থায়ী কমিটি তা নাকচ করে দেয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘ আড়াই বছরেও তদন্ত রিপোর্ট দিতে না পারায় উপ কমিটিকে চরমপত্র দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা রিপোর্ট দিতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবেই উপ কমিটি বিলুপ্ত হয়ে যাবে। এরপর স্থায়ী কমিটি নথিপত্র যাচাই বাছাই করে নিজেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, বৈঠকে সারাদেশে বিআরটিসির যানবাহন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

তিনি জানান, দেশের রেলপথগুলোতে লাভজনক করতে কমিটি ৩৫৬ কোটি ব্যয়ে ১২টি শাখা লাইনকে প্রধান লাইনের সাথে সংযুক্ত করার প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে। এজন্য আসন্ন বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করারও সুপারিশ করা হয়। এ প্রকল্প বাস্তবায়িত হলে যাত্রীদের কাছে সড়কপথের চেয়ে রেলপথে ভ্রমণই সহজতর হবে।