২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীদের আয় ও ব্যয়ের গড়মিল পরীক্ষা করবে এসিসি

নির্বাচন সংশ্লিষ্ট দুর্নীতি নিয়ন্ত্রণে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে দুর্নীতি দমন কমিশন (এসিসি) মঙ্গলবার বলেছে, প্রার্থীর ঘোষিত আয় ও ব্যয়ের মধ্যে কোনো গড়মিল পাওয়া গেলে এসিসি ব্যবস্থা গ্রহণ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 05:19 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

দুর্নীতিমুক্ত নির্বাচন নিশ্চিত করতে এসিসি প্রচলিত নির্বাচন আইনের সংস্কারের পরামর্শ দিয়েছে।

এসিসির মতে, বর্তমান আইনে নির্বাচনের সময় কালো টাকার ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) কম ক্ষমতা দেওয়া হয়েছে।

২০০৭ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত নাগরিক উদ্যোগের ছয় সদস্যের প্রতিনিধিদল মঙ্গলবার এসিসি চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খানের সাথে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এমন মন্তব্য করেন।

প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর বিচারপতি সুলতান খান সাংবাদিকদের বলেন, নির্বাচন সংশ্লিষ্ট দুর্নীতি রোধে আমাদের আইনি এখতিয়ার নেই। তবে নির্বাচনের সময় প্রার্থীর ঘোষিত আয় ও ব্যয়ের হিসাবে কোনো গড়মিল দেখা গেলে আমরা প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেবো।

নির্বাচনের সময় কালো টাকার ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রার্থীদের আয় ও ব্যয়ের ঘোষিত হিসাবের মধ্যে কোনো গড়মিল দেখতে পেলে তাদের প্রার্থিতা বাতিল করতে আমরা ইসিকে পরামর্শ দিচ্ছি।

নাগরিক গ্রুপ ২০০৬ এর সদস্যসচিব ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য এসিসি আইনের ২৬ ও ২৭ নং ধারা উল্লেখ করে বলেন, প্রার্থীর ঘোষিত সম্পদের বিপরীতে নির্বাচনে অস্বাভাবিক ব্যয় ধরা পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার এসিসির রয়েছে।

কালো টাকা সাদা করা ও নির্বাচন প্রচারাভিযানে সরকারি কর্মকর্তা--কর্মচারির অংশগ্রহণের বিরুদ্ধে এসিসিকে অবস্থান নিতে গ্রুপের পক্ষ থেকে দাবি জানানো হয়।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমরা চাই এসিসি প্রার্থীদের সতর্ক করুক ও নির্বাচনের সময় দুর্নীতি চর্চার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুক।

সিপিডির নির্বাহী পরিচালক নির্বাচনের সময় রিটার্নিং অফিসার ও পুলিশ কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসিসির প্রতি আহ্বান জানান।

নাগরিক উদ্যোগের প্রতিনিধিদলের সাথে এসিসির বৈঠকে এসিসি কমিশনার অধ্যাপক এম মনিরুজ্জামান মিয়া ও মনিরুদ্দিন আহমেদ এবং নাগরিক উদ্যোগের এম সাইদুজ্জামান, লায়লা রহমান কবির, এএসএম শাহজাহান, এম হাফিজ উদ্দিন খান এবং সুলতানা কামাল উপস্থিত ছিলেন।