বেসরকারি শিক্ষকদের বেতন ১০০ ভাগে উন্নীত করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি
জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আগামী জুন মাস থেকেই বেসরকারি শিক্ষকদের বেতন সুবিধা শতভাগ- এ উন্নীত করার সুপারিশ করা হয়েছে।
সংসদ ভবনে মঙ্গলবার কমিটির সভাপতি মাওলানা আব্দুস সুবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে সরকারের বিভিন্ন পর্যায়ে বিগত দিনের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠক শেষে সভাপতি আব্দুস সুবহান সাংবাদিকদের জানান, বৈঠকে ফাজিল ও কামিল শিক্ষার মানোন্নয়ন, এবতেদায়ী মাদ্রাসার জন্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমান সুযোগ সুবিধা নিশ্চিত এবং এর শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণসহ আসন্ন বাজেটে এর জন্যে অতিরিক্ত অর্থ বরাদ্দের সুপারিশ করা হয়েছে।
এছাড়াও ২০০৪ সালের পর থেকে বন্ধ থাকা বেসরকারি বিদ্যালয়গুলোর এমপিও- ভুক্তি পুনরায় চালু করার জন্যে সরকারের প্রতি সুপারিশ করা হয়েছে।
তিনি জানান, বৈঠকে দেশে বিমান সংকট ও নৌ পথে পরিবহন সংকট নিয়েও আলোচনা করা হয়।
বিমান মন্ত্রণালয় কমিটিকে জানায়, আগে সংকট নিরসনে বিমান কেনার সিদ্ধান্ত থাকলেও বর্তমানে সরকার ইজারা বা ভাড়ায় বিমান সংগ্রহের নীতি গ্রহণ করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে।
বৈঠকে বিভিন্ন সময়ে চলাচলের অযোগ্য হয়ে পড়া নৌযানগুলোকে মেরামত ও সংরক্ষণের মাধ্যমে পুনরায় চালুর করার জন্যে নৌপরিবহন মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি জানান, বৈঠকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জমি দখল এবং অন্য মন্ত্রণালয়ের সাথে জমি ও গাছের মালিকানা সংক্রান্ত বিরোধ মেটাতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করার সুপারিশ করা হয়।
কমিটির সদস্য আজিজুর রহমান চৌধুরী, মোস্তফা কামাল পাশা, মিয়া গোলাম পরওয়ার ও শাহ শহীদ সারোয়ার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
