২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ’লীগ কার্যালয়ে গুলি বর্ষণে আব্দুল জলিলের নিন্দা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সোমবার রাজধানীর মতিঝিল, খিলগাঁও এবং সবুজবাগ এলাকায় দলীয় কার্যালয়সমূহে গুলি বর্ষনের তীব্র নিন্দা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

“বিরোধী দলের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বিএনপি-জামাত জোট সরকারের শেষ রক্ষা হবে না”, সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মতিঝিল, খিলগাঁও এবং সবুজবাগ এলাকার আ’লীগ নেতাকর্মীরা রোববার রাতে ভুয়া ভোটার তালিকা চিহ্নিত এবং তালিকা থেকে বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহের চেষ্টা করলে বিএনপি-জামাত জোট সরকারের অস্ত্রধারী সন্ত্রাসীরা আ’লীগের কার্যালয় এলাকায় গুলিবর্ষন করে।

“এর আগে বিএনপি সন্ত্রাসীরা এই এলাকার বিরোধী দলের নেতাকর্মীদের হুমকি দিয়ে আসছিল”, আব্দুল জলিল অভিযোগ করেন।

তিনি আরও বলেন, কোন রকম হুমকি ধামকি ও সন্ত্রাসী হামলা চালিয়ে ভূয়া ভোটার তালিকা বৈধ করা যাবে না।