আনন্দ স্কুল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তথ্য না পাওয়ায় সংসদীয় কমিটি থেকে আ’লীগ সাংসদের ওয়াকআউট
কমিউনিটি স্কুল নামে পরিচিত আনন্দ স্কুল সংক্রান্ত তথ্য চেয়ে না পাওয়ার প্রতিবাদে আওয়ামী লীগের সাংসদ শাজাহান খান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন।
জাতীয় সংসদ ভবনে সোমবার কমিটির সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালুর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সাংসদ শাজাহান খান আনন্দ স্কুলের শিক্ষকদের নিয়মিতকরণ এবং এর বাজেট সম্পর্কিত তথ্য জানতে চান।
তিনি এ স্কুলগুলোর জন্যে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ তুলে এ সম্পর্কে বিস্তারিত তথ্য দাবি করেন।
কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো তথ্য দিতে না পারায় তিনি ওয়াকআউট করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, একজন সাংসদ হিসেবে এ বিষয়ে তথ্য পাওয়ার অধিকার আমার রয়েছে। কিন্তু মন্ত্রণালয় কমিটির বৈঠকেও এ সংক্রান্ত কোনো তথ্য না দিয়ে রহস্যময় গোপণীয়তা বজায় রাখছে।
অনুষ্ঠিত বৈঠকে সদস্য মজিবর রহমান, নূরুল ইসলাম মনি, নজীর হোসেন, এমএ করিম আব্বাসী, কাজী আলাউদ্দিন ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, এতে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক শূন্যতা ও শিক্ষক নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
