২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী: আওয়ামী লীগ জনগণের উন্নয়নের চিন্তা করে না

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, আওয়ামীলীগ জনগণের উন্নয়নের চিন্তা করে না, তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের মানুষের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়া হাই স্কুল মাঠে রোববার এক জনসভায় বক্তব্য রাখেন তিনি। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

প্রধানমন্ত্রী বিরোধী দলকে উদ্দেশ্য করে আরও বলেন, তারা কখনোই কথা দিয়ে কথা রাখে না। প্রকাশ্য জনসভায় বিরোধী দলীয় নেত্রী বিগত সরকার আমলে হরতাল না করার ঘোষণা দিয়েও তারা কথা রাখেনি। তিনি বলেন, গাড়িতে পেট্রোল ঢেলে মানুষ পুড়িয়ে মারাটাই বিরোধী দলের রাজনীতি।

প্রধানমন্ত্রী বক্তৃতায় কক্সবাজার বিমান বন্দরকে আরো সম্প্রসারণ, উখিয়ায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের দ্রুত শেষ করা, টেকনাফ হাসপাতালে এম্বুলেন্স প্রদানসহ ছোট ছোট কিছু প্রতিশ্রুতি দেন। আসন্ন নির্বাচনে এই আসনে কে মনোনয়ন পাচ্ছেন তার অনেকটায় নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি তাঁর ভাষনে স্পষ্টই বলে দিয়েছেন আগামী নির্বাচনে বর্তমান সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকেই আবারো নির্বাচিত করতে হবে।

জনসভায় আরো বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী এম.শামসুল ইসলাম, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সালাহ উদ্দিন আহমদ এমপি, তথ্য উপ-মন্ত্রী আবদুস সালাম পিন্টু এমপি, শাহজাহান চৌধুরী এমপি, আলমগীর ফরিদ এমপি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এমপি প্রমুখ।