ভোটার তালিকা নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের আপিলের শুনানি বৃহস্পতিবার
ভোটার তালিকা নিয়ে হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম আজিজের দায়ের করা আপিলের শুনানি বৃহস্পতিবার উচ্চ আদালতে আবার শুরু হবে।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল ইমন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার উভয় পক্ষের আইনজীবীদের কিছু বক্তব্য শোনার পর বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মূলতবী করেন।
মামলাটি আপিল বিভাগের বৃহস্পতিবারের শুনানির কার্যতালিকার প্রথমে রয়েছে।
অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনের পক্ষে মামলা পরিচালনা করবেন। অন্যদিকে ড.কামাল হোসেন, ব্যারিস্টার এম আমির--উল--ইসলাম এবং ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ রিট আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করবেন।
