২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের সখিপুরে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ঘেরাও কর্মসূচি চলাকালে সংগ্রাম কমিটি ও পুলিশের সংঘর্ষে আহত ৩০

টাঙ্গাইলের সখিপুরে বনবিভাগের জমি থেকে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ডের অপসারণ দাবিতে বুধবার উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের সাথে সংগ্রাম পরিষদের সংঘর্ষে ম্যাজিস্ট্রেট, পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। পুলিশি হামলার প্রতিবাদে সংগ্রাম পরিষদ উপজেলায় অনির্দিষ্টকালের হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টাঙ্গাইল প্রদিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 05:09 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সূত্র জানায়, আটিয়া বন অধ্যাদেশ বলে ইউএনও এবং এসি ল্যান্ড গত এক মাস ধরে বন বিভাগের জমি থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএপি ‘সখিপুর বাঁচাও সংগ্রাম কমিটি’ গঠন করে আন্দোলন শুরু করে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে এবং ইউএনও ও এসিল্যান্ডের অপসারণ দাবিতে উপজেলা পরিষদ ঘেরাওকালে পুলিশ সংগ্রাম পরিষদের মিছিলে বাধা দেয়। এসময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এছাড়া বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংগ্রাম কমিটির বিক্ষুব্ধ কর্মীরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ ৩০জন আহত হয়।

রাবার বুলেটবিদ্ধ সংগ্রাম কমিটির নেতা ছবুর রেজা ও সাইফুল ইসলামসহ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এঘটনায় ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিনসহ পাঁচ পুলিশ আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনার প্রতিবাদে সংগ্রাম কমিটি সখিপুরের তালতলায় উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশ করে।

সমাবেশে সাধারণ সম্পাদক শাজাহান সাজু ও বণিক সমিতির সভাপতি খলিলুর রহমান বক্তৃতা দেন। সমাবেশে সখিপুরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওতক সিকদার, জাতীয় পার্টির নেতা কাজী আশরাফ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

পুলিশি হামলার প্রতিবাদে সংগ্রাম কমিটির সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করে সখিপুরে অনির্দিষ্টকালের হরতালের কর্মসূচি ঘোষণা করে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাসাইল সখিপুর আসনে গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আহমেদ আযম খান বলেন, ‘আমাদের এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়।’ ইউএনও এবং এসি ল্যান্ডের বিরুদ্ধে। সরকার এই দুজনকে বদলী করলেও স্থানীয় সাংসদ ও কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী তাদের এখানে বহাল রেখে অবৈধভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।