মান্নান ভূঁইয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের
দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে সংস্কার ইস্যুতে সংলাপের পরিবেশ নষ্ট করছে প্রধান বিরোধী দল, বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার এ মন্তব্যের মঙ্গলবার প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ ।
আ’লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, গণ আন্দোলনের চাপে বিএনপি নেতারা ‘পাগলের প্রলাপ বকছে’।
মান্নান ভুঁইয়ার বক্তব্যকে ‘অসত্য’ বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি শাসনামলে ৪৬ হাজার মানুষ খুন হয়েছে এবং ১২ হাজার নারীর সম্ভ্রমহানি ঘটেছে।
হাওয়াভবনের নাম উল্লেখ না করে ওবায়দুল কাদের বলেন, বিশেষ একটি ভবনে কমিশন না দিয়ে কেউই ব্যবসা করতে পারে না।
তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান, মন্ত্রীরা এবং তাদের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে।
বিএনপি মহাসচিব সোমবার এক সমাবেশে নৈরাজ্য সৃষ্টির জন্যে বিরোধী দল আওয়ামী লীগকে অভিযুক্ত করেন।
