২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার এনসিটি বেসরকারিকরণ প্রক্রিয়া প্রত্যাহার করলে পরিকল্পিত আন্দোলন বন্ধ হবে: চট্টগ্রাম মেয়র

মালামাল বোঝাই ও খালাসের কাজ স্থগিত রেখে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি সংক্রান্ত পরিকল্পিত কর্মসূচির ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সোমবার কিছুটা নমনীয় মনে হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে সোমবার বিকেলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মেয়র বলেন, নির্মাণাধীন নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) ব্যবস্থাপনা দায়িত্ব বেসকরকারি খাতে ছেড়ে দেওয়া বিষয়ে সরকার তার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলে তিনি তার কর্মসূচি স্থগিত করবেন।

১৮ মে চট্টগ্রাম বন্দরে মাল বোঝাই ও খালাসের কাজ বন্ধ রাখতে দেওয়া মেয়র মহিউদ্দিন চৌধুরীর হুমকির প্রেক্ষিতে ও মেয়রকে তার আগের অবস্থান থেকে সরে আসতে রাজি করাতে এর আগে মেয়রের বাসভবনে মহিউদ্দিন চৌধুরীর সাথে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দের সাথে দীর্ঘ বৈঠক হয়।

ভারপ্রাপ্ত সভাপতি এসএম আবু তায়েবের নেতৃত্বে বিজিএমইএ’র নেতৃবৃন্দ তৈরি পোশাক খাতসহ দেশের রপ্তানি-আমদানি কার্যক্রমের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় আন্দোলন প্রত্যাহার করার জন্য মেয়রকে রাজি করাতে সবধরনের চেষ্টা করে যাচ্ছেন।

এসএম আবু তালেব অপেক্ষমান সাংবাদিকদের বলেন, মেয়রের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। বিজিএমইএ মেয়রেরর প্রস্তাব সরকারের কাছে পৌঁছে দেবে।

চট্টগ্রাম বন্দর নিয়ে মেয়রের পরিকল্পিত আন্দোলনের বিরুদ্ধে নৌমন্ত্রী মানহানির মামলা দায়েরের হুমকি প্রদানের পর মেয়রকে সোমবার সংবাদ সম্মেলন আহ্বান করতে হয়।

সংবাদ সম্মেলনে মেয়র নৌমন্ত্রী আকবর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির নানা অভিযোগ উত্থাপন করেন। নৌমন্ত্রী দরপত্র আহ্বান প্রক্রিয়া, গ্যান্ট্রি ক্রেন ক্রয়, শাস্তিমূলক ভাড়া থেকে অব্যাহতি এবং বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্বভার বেসরকারিখাতে হস্তান্তরের ক্ষেত্রে দুর্নীতি করেছেন বলে মেয়র উল্লেখ করেন।

কর্ণফুলি সার কারখানা লিমিটেডের জেটি থেকে উদ্ধার হওয়া ১০ ট্রাকবোঝাই অস্ত্রের চোরাচালানের জন্য মেয়র নৌমন্ত্রীকে দায়ী করেন। জেটিটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইজারা দিয়েছিল।

নৌমন্ত্রীকে দুর্নীতিবাজ ও বন্দর পরিচালনায় অক্ষম বলে আখ্যায়িত করে চট্টগ্রামের মেয়র অবিলম্বে তার পদত্যাগের দাবি জানান।

মহিউদ্দিন চৌধুরী বলেন, বন্দর সচল রাখতে সহযোগিতার প্রস্তাব দিয়ে ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়েছি।

তিনি বলেন, একটি কুচক্রী মহল প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা আমার আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী আলোচনা করতে সম্মত হলে আমি তার সাথে বসতে রাজি আছি।

তিনি বলেন, বন্দরের এক ইঞ্চি জমি বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্তের তিনি পুরোপুরি বিরোধিতা করবেন। তার ভাষায়, এর মাধ্যমে একটি চিহ্নিত মহল দেশের সম্পদ লুট করবে।

মহিউদ্দিন চৌধুরী ১৮ মে বন্দরের কার্যক্রম বন্ধ করতে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। সরকার বাধা দিলে পরের দিন ১৯ মে থেকে তিনি লাগাতার কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি প্রদান করেন।

অন্যান্যের মধ্যে সাবেকমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমএ মান্নান, আওয়ামী লীগ নেতা মুসলেমউদ্দিন আহমেদ এবং সিপিবি নেতা শাহ আলম বক্তব্য রাখেন।