বগুড়ায় যুবলীগের মিছিলে পুলিশের হামলা, আহত ৫০, সোমবার শহরে সকাল - সন্ধ্যা হরতাল
বগুড়ায় শনিবার আবারো যুবলীগের মিছিলে পুলিশ হামলা চালিয়েছে। ১৪ দলের সমাবেশ উপলক্ষে শহরে ঝাউতলা এলাকায় যুবলীগ মিছিল বের করলে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করলে কমপক্ষে ৫০জন আহত হয়।
পুলিশ এসময় রিভলবার ও শর্টগানের কমপক্ষে ২৫ রাউন্ড গুলিবর্ষণ এবং ৮/১০টি টিয়ার সেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে সোমবার শহরে সকাল--সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে জেলা যুবলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের সাত সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
সূত্র জানায়, শহর যুবলীগ সভাপতি মাহফুজুল আলম জয়সহ দু'নেতার উপর যুবদল ক্যাডারদের হামলার প্রতিবাদ ও ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসেবে শনিবার বিকেলে ১৪ দল শহরে টেম্পল রোডে বিক্ষোভ সমাবেশ ডাক দিলে যুবদল শহর বিএনপি অফিসের সামনে পাল্টা কর্মসূচী আহবান করে। সকাল থেকেই ১৪ দলের সমাবেশ সাতমাথায় যেন হতে না পারে এ জন্য পুলিশ সাদা পোশাকে গোটা শহরে টহল দিতে থাকে। দুপুরের পর থেকেই সাতমাথা প্রবেশের সবক’টি রাস্তায় পুলিশ ব্যারিকেড দেয়।
বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ টেম্পল রোডে ১৪ দলের সভামঞ্চ ভেঙে দিতে গেলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহরিয়ার ওপেলের সাথে বাকবিত-া হয়। পরে পুলিশ সভামঞ্চ ভেঙে দেয়। বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের যানবাহন শহরে ঢুকতে দেওয়া হয়নি বলে যুবলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবও ছিল সক্রিয়। তারা গাড়ি নিয়ে গোটা শহরে টহল দিয়েছে। অন্যদিকে যুবদলের নেতাকর্মীরা লাঠি হাতে মিছিল নিয়ে শহর বিএনপি অফিস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেয়। বেশ কয়েকটি মোটর সাইকেল নিয়ে মহড়া দেয়া হয়।
বিকেল পৌনে ৬টার দিকে শহরে কাটনারপাড়া থেকে যুবলীগ সভাপতি মঞ্জুরুল আলম মোহনের নেতৃত্বে একটি মিছিল বড়গোলা হয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ঝাউতলায় ২নং রেলগেটের কাছে বাধা দেয়। এতে নেতাকর্মীরা বসে পড়লে পুলিশ বেধড়ক লাঠিচার্জের পাশাপাশি গুলিবর্ষণ শুরু করে। এছাড়া যুবলীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কমপক্ষে ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়।
ঘটনার সময় থানা মোড় থেকে দত্তবাড়ি পর্যন্ত সড়ক রনক্ষেত্রে পরিণত হয়। ফলে ওই সড়কে প্রায় দেড়ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
এদিকে যুবলীগের মিছিলে গুলিবর্ষণ, লাঠিচার্জ ও ১২ নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে রাত পৌণে ৮টায় শহরে কাটনারপাড়ায় জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের বাসভবনে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেসব্রিফিংয়ে সোমবার বগুড়ায় পূর্ণদিবস হরতাল আহ্বান করা হয়।
