বিক্ষোভ কর্মসূচীর কারণে নগরীতে তীব্র যানজট
বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক বিক্ষোভ কর্মসূচীর কারণে মঙ্গলবার ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হলে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন।
নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে বিরোধী ১৪ দলীয় জোটের যুব সংগঠনগুলোর জোট ‘যুব সংগ্রাম পরিষদ’ আয়োজিত বিক্ষোভ মিছিলের কারণে প্রথম যানজটের সৃষ্টি হয়।
সকাল ১১ টার দিকে পল্টন এলাকায় লাঠি, হারিকেন এবং টিউবলাইট বহনকারী মিছিলটি পুলিশ বাধা দিলে পেছনের দিকের একদল বিক্ষোভকারী ভাংচুর চালায়।
তাদেরকে পুনরায় শাপলা চত্বরের কাছে বাধা দেওয়া হলে সেখানে পরিষদ সমাবেশ করে।
বিক্ষোভ কর্মসূচী এবং ভাংচুরের পর পুলিশী অ্যাকশনের কারণে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচী শুরু করলে যানজট পুনরায় প্রকট আকার নেয়।
শিক্ষার্থীরা শাহবাগ ক্রসিংয়ে একটি ওভারব্রীজ নির্মাণের দাবী জানায়। এখানে দ্রুতগামী বাসের আঘাতে গত বছরের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হ্যাপী নিহত এবং সোমবার অপর এক ছাত্র গুরুতর আহত হয়।
