‘ভুয়া ভোটার’ তালিকা নিয়ে সংসদে বিতর্ক: অধিবেশন উত্তপ্ত
সদ্য প্রস্তুতকৃত খসড়া ভোটার তালিকায় ‘ভুয়া ভোটার’ অন্তর্ভূক্তি নিয়ে সোমবার জাতীয় সংসদে দীর্ঘ বিতর্ক হয়েছে। সরকার ও বিরোধী দলের সাংসদদের মধ্যে অনির্ধারিত এ বিতর্ককালে অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে।
এছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, দ্রব্যমূল্য, ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্ত, আইন - শৃঙ্খলা পরিস্থিতি, সাংসদদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা এবং বিরোধী দলের এমপিদের কথা বলার সুযোগ ও আক্রমণাত্মক বক্তব্য নিয়েও সংসদে অনির্ধারিত আলোচনা ও বিতর্ক হয়।
বিরোধী দলের সাংসদরা ‘ভুয়া ভোটার তালিকা’ বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন। তারা রাষ্ট্রের কয়েক কোটি টাকা ক্ষতিরও অভিযোগ করেন। নতুন ভোটার তালিকা প্রণয়ন আদালতের রায় উপেক্ষা করে ‘আইনের নামে বেআইনী কাজ’ বলেও উল্লেখ করেন বিরোধী দলীয় সাংসদরা।
তারা বলেন, ভুয়া ভোটার দিয়ে কারচুপি করে জোট আবার ক্ষমতায় আসতে চায়।
অন্যদিকে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদসহ সরকারি দলের সাংসদরা দাবি করেন, ভোটার তালিকা প্রস্তুত করছে নির্বাচন কমিশন। বিএনপি কিংবা জামায়াত বা ক্ষমতাসীন দল নয়। তারা বলেন, নির্ভূল ভোটার তালিকার মাধ্যমে অবাধ ও নির্বাচন হলে ৪ দলীয় জোটই আবার নির্বাচিত হবে।
বিরোধী দলের মধ্যে উপনেতা অ্যাডভোকেট আবদুল হামিদ, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেন গুপ্ত,শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট রহমত আলী, মোহাম্মদ নাসিম, শাহজাহান খান, খম জাহাঙ্গীর হোসেন ও বঙ্গবীর কাদের সিদ্দিকী আলোচনায় অংশ নেন।
অন্যদিকে সরকার পক্ষে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ছাড়াও আলোচনা করেন কর্ণেল (অব.) আকবর হোসেন, অধ্যাপক রেজাউল করিম, জিয়াউল হক জিয়া, সাখাওয়াত হোসেন বকুল, মনিরুল হক চৌধুরী, এবাদুর রহমান চৌধুরী ও ইলিয়াস আলী।
