২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালিকা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম বাদ দিন: জাতীয় সংসদে বিরোধী উপনেতা

জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্যে আবারো স্বাধীনতা বিরোধীদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 10:02 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

জাতীয় সংসদে সোমবার তিনি বলেন, ’৭১ এর পরাজিত শক্তির সাথে আমরা কোনো আলোচনায় বসবো না। তবে তাদের ছাড়া আমরা সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করতে রাজি আছি।

তিনি সরকারি দলের দেওয়া পাঁচজনের তালিকা থেকে দু’জন স্বাধীনতা বিরোধী ব্যক্তির নাম বাদ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, তাদের নাম বাদ দিয়ে সেখানে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের নাম দিন। আমাদের তালিকার ব্যাপারে আপনাদের আপত্তি থাকলে আমরাও তালিকায় পরিবর্তন আনবো।

তিনি বলেন, আলোচনায় আমাদের কোনো অসুবিধে নেই। আসুন, আমরা আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি।