জাতীয় ঐক্যমঞ্চ, বিকল্পধারা ও তরিকত ফেডারেশন নেতারা সরকারের পদত্যাগ দাবি করেছে
জাতীয় ঐক্যমঞ্চ, বিকল্প ধারা বাংলাদেশ এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের নেতারা সরকারকে ব্যর্থ, দুর্নীতিবাজ ও অগণতান্ত্রিক উল্লেখ করে সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
তারা সরকারের এমপি, মন্ত্রীদের পদত্যাগ করে জনগণের আন্দোলনে শরীক হয়ে একটি সুখী, সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
মিরপুরের শেরে বাংলা আউটার স্টেডিয়ামে তিন দল আয়োজিত এক জনসভায় বক্তব্যদানকালে তারা একথা বলেন।
জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন সরকারের সমালোচনা করে বলেন, যারা গণতন্ত্রের ‘গ’ বোঝেনা তারাই এখন রাষ্ট্র ক্ষমতায়।
তিনি বলেন, ক্ষমতার অর্থ দায়িত্ব নিয়ে জনগণের সেবা করা।
কানসাট ও ডেমরার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, তারা এখনো বাংলাদেশের জনগণকে চেনে নাই। এ কারণে লাঠি, গুলি দিয়ে জনগণের আন্দোলকে থামিয়ে দিতে চায়।
তিনি সরকারের দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই দেশ কোনো ব্যক্তি বা পরিবারের নিজস্ব সম্পত্তি নয়।
ভুয়া ভোটার তালিকা তৈরিতে তিনি নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন।
ইসলামী জঙ্গিবাদের ব্যাপারে তিনি বলেন, একসময় আপনারা বলতেন বোমাবাজরা মিডিয়ার সৃষ্টি। কিন্তু আসলে তারা আপনাদের ঘৃণ্য রাজনীতির সৃষ্টি।
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রধান একিউএম বদরুদ্দোজা চৌধুরী সরকারের মন্ত্রী এমপিদের সরকারি দল থেকে পদত্যাগ করে জনগণের কাতারে এসে দাঁড়ানোর আহ্বান জানান।
জনগণের সম্পদ দখলকারীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মনে করে দেখুন ডেমরার এমপি সালাউদ্দিন কিভাবে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েছে।
বি. চৌধুরী বলেন, শেষ পর্যন্ত জনগণেরই বিজয় হয়।
তরিকত ফেডারেশনের চেয়ারপারসন নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, আমরা ‘গড ফাদার’ শব্দটি শুনেছি। কিন্তু প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘গড মাদার’ উপাধি দখল করেছেন।
তিনি জামাতে আমীর মতিউর রহমান নিজামির দিকে আঙ্গুলি নির্দেশ করে বলেন, তিনিই সকল বোমা হামলার হোতা।
মাওলানা হাবিবুল বশর মাইজভান্ডারির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিডিবি মহাসচিব মেজর (অবঃ) এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী, এমপি, জাতীয় ঐক্যমঞ্চ নেতা কমান্ডার আব্দুর রউফ, সাবেক হুইপ আব্দুর রউফ, মোস্তফা মোহসীন মন্টু, তরিকত ফেডারেশন নেতা মাওলানা জাকির হোসেন।
