২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ইস্যুতে মান্নান ভুঁইয়াকে জলিলের ফিরতি চিঠি: প্রস্তাবিত নাম প্রত্যাখান

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল, এমপি মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে ফিরতি জবাবি চিঠি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের ইস্যুতে আলোচনার জন্যে মান্নান ভূঁইয়া এর আগের চিঠিতে একটি কমিটি গঠনে  যে সব নাম প্রস্তাব করেন, জবাবি চিঠিতে আব্দুল জলিল সে সব নাম প্রত্যাখান করেন। তবে তিনি এ চিঠিতে সরকারের কাছে নতুন করে নাম চাননি।

জলিলের মতিঝিলের বাণিজ্যিক অফিস থেকে চিঠিটি অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, বিএম মোাজম্মেল হক এবং এসএম কামাল হোসেন মান্নান ভূঁইয়ার বেইলী রোডের মন্ত্রী পাড়ার বাসায় নিয়ে যান।

বিএনপি মহাসচিবের ২৮ এপ্রিল দেওয়া চিঠির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী প্রস্তাবিত কমিটি দ্রুত আলোচনায় বসবে। কিন্তু প্রস্তাবিত কমিটিতে আপনারা যে নামের তালিকা পাঠিয়েছেন, তা জাতির প্রত্যাশাকে ধুলিস্যাৎ করেছে।

তিনি বলেন, আপনারা আলোচনার জন্যে প্রস্তাবিত কমিটিতে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার সাথে সর্ম্পক্ত ব্যক্তিদের অর্ন্তভূক্ত করেছেন; যা নীতিগতভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

আব্দুল জলিল বলেন, এ অবস্থায় এ ধরণের কোনো কমিটিতে কোনো ফলপ্রসু আলাচনা হবে না। বরং তা কালক্ষেপন ঘটাবে এবং সৃষ্টি করবে অনাবশ্যক বিতর্ক ও তিক্ততা।

তিনি চিঠিতে আরো বলেন, দুঃখের বিষয় আমরা লক্ষ্য করলাম, আলোচনায় বসার পরিবেশ সৃষ্টির জন্যে যে অনুরোধ আমাদের পক্ষ থেকে করা হয়েছিলো, আপনারা তা গ্রহণ করলেন না। এ থেকে এটাই প্রতীয়মান হয়, আপনারা সলাপে বসতে আগ্রহী নন; কেবল কালক্ষেপন করাই আপনাদের উদ্দেশ্য।

অপরদিকে, এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া কমিটিতে জামায়াতের অন্তর্ভূক্তির বিষয়ে আওয়ামী লীগকে হার্ডলাইন থেকে সরে আসতে পুনরায় অনুরোধ করেছেন।

সোমবার বিকেলে আওয়ামী লীগের চতুর্থ চিঠি পাওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, জামায়াত চারদলীয় জোটের শরীক এবং সরকারেরই অংশ। সুতরাং তাদেরকে ছাড়া আলোচনায় বসা আমাদের পক্ষে কঠিন।

বিএনপি’র মহাসচিব বলেন, ‘সুতরাং আমি আওয়ামী লীগকে তাদের প্রস্তাব পুনরায় বিবেচনা করার জন্যে অনুরোধ করছি।’

এর আগে বিকেলে আওয়ামী লীগের পক্ষ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল মান্নান ভূঁইয়ার বেইলী রোডের ২৫ নম্বর বাসায় গিয়ে দলের পক্ষ থেকে ফিরতি চিঠি হস্তান্তর করেন। আওয়ামী লীগের আবদুল মান্নান, এস এম কামাল এবং বিএম মোজাম্মেল এ সময় উপস্থিত ছিলেন।

ফিরতি চিঠি প্রসঙ্গে মান্নান ভূঁইয়া বলেন, এ মুহূর্তে কোনো মন্তব্য করা সম্ভব নয়। চিঠিটি পড়ে দলের ভেতরে আলোচনা করে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো।

তিনি আরো বলেন, ‘আমি আশাবাদী যে, চিঠি চালাচালির মাধ্যমেই আমরা ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারবো।

তিনি বলেন, ‘আমি আশা করছি আওয়ামী লীগ জামায়াত প্রশ্নে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’

বিএনপি কি জামাত প্রশ্নে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

এদিকে মান্নান ভূঁইয়ার কাছে চিঠি পাঠানোর পর আব্দুল জলিল মতিঝিলে তার বাণিজ্যিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, কমিটি গঠন করে আলোচনার ক্ষেত্র সৃষ্টির সুযোগ এখনো রয়েছে।

তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আমি আশাবাদী।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, মনে হচ্ছে, তারা জেদ করে কমিটিতে যুদ্ধপরাধীদের নাম ঢুকিয়েছে।

নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকার ব্যাপারে তিনি বলেন, ভুয়া ভোটার করে জাল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার নীল নকশা বাস্তবায়ন করতে এ ভোটার তালিকা করা হয়েছে।

তিনি বর্তমান ভোটার তালিকা বাতিল করে আদালতের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকাকে হালনাগাদ করার দাবি জানান।

শুধু বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মধ্যে আলোচনার প্রস্তাব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জলিল বলেন, এটি ছিলো আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ওবায়দুল কাদেরের একান্তই ব্যক্তিগত অভিমত। এটি তিনি কথার ছলে বলেছেন। এটি আনুষ্ঠানিক কোনো প্রস্তাব নয়। আনুষ্ঠানিক প্রস্তাব হতে হলে তাতে দল ও জোটের অনুমোদন থাকতে হয়।  

এর আগে ১৬ এপ্রিল আওয়ামী লীগ প্রস্তাবিত কমিটিতে তাদের পক্ষে আব্দুল জলিল, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরুলল্লাহ ও শেখ সেলিম -- এই পাঁচজনের নাম প্রস্তাব করে। ১৪ দল এই নাম প্রস্তাব পাঠানোর জন্যে আওয়ামী লীগকে এককভাবে দায়িত্ব দেয়।

অন্যদিকে চার দলের পক্ষ থেকে বিএনপি ২৮ এপ্রিল তাদের কমিটিতে যে পাঁচজনকে অন্তর্ভুক্ত করার নাম প্রস্তাব করে, তারা হচ্ছেন: বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার দেলোয়ার  হোসেন, জামায়াতের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্য জোটের মওলানা ফজলুল হক আমীনী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাইফুুর রহমান।