ডেমরা ইস্যুতে সংসদ উত্তপ্ত, আওয়ামী লীগের ওয়াকআউট
রাজধানী ঢাকার শনির আখড়ায় গ্যাস, পানি ও বিদ্যুতের দাবিতে জনতার বিক্ষোভ, অবরোধ এবং স্থানীয় সরকার দলীয় সাংসদ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে জনতার মিছিলে গুলি ও পুলিশকে গুলি করার নির্দেশ নিয়ে রোববার সংসদের বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে।
বিরোধী দলের সদস্যদের কথা বলতে না দেওয়া এবং তাদের অনেকের বক্তব্য এক্সপাঞ্জ করার প্রতিবাদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সদস্যরা রোববারও বৈঠক থেকে ওয়াক আউট করেন।
প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, সরকারি দলের মঞ্জুর কাদের এ বিষয়ে আলোচনা করেন।
বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, দেশের মানুষ গ্যাস, পানি, বিদ্যুত পাচ্ছে না। তাদের সমস্যা নিয়ে সংসদে কথা বলা যাচ্ছে না।
তারা সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, সরকার সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে সামরিক বাহিনীর সদস্যদের নামিয়েছে। সরকার সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়েছে। এ অবস্থায় ব্যর্থ সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
সুরঞ্জিত সেনগুপ্ত সরকারের পদত্যাগ দাবি করে বলেন, এখন সরকারের উচিত ব্যর্থতার দায়িত্ব স্বীকার করে অবিলম্বে সংস্কার প্রস্তাব মেনে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
সরকারি দলের মঞ্জুর কাদের এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব কিনা তা জানতে চান। এসময় স্পিকার বিরোধী দলের কিছু বক্তব্যকে অসৌজন্যমূলক ও আক্রমণাত্মক উল্লেখ করে এক্সপাঞ্জ করে দেন।
বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, সরকার ব্যর্থ তাদের পদত্যাগ করা উচিত- এসব আমরা বলবই। এসব অসংসদীয় ভাষা নয়। এসব বক্তব্য এক্সপাঞ্জ করা হলে আমরা ওয়াক আউট করবো।
এসময় নৌপরিবহন মন্ত্রী কর্ণেল আকবর হোসেনও এক্সপাঞ্জ প্রত্যাহার করার পরামর্শ দিয়ে বলেন, তাদের বক্তব্য অসংসদীয় নয়। অসংসদীয় বক্তব্য থাকলেই কেবল তা এক্সপাঞ্জ করা যেতে পারে। কিন্তু বিরোধী দলের বক্তব্য অসংসদীয় ছিলো না।
কিন্তু স্পিকার এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না দিলে আওয়ামী লীগ সাংসদরা ওয়াক আউট করেন।
পরে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সমস্যা সমাধানে সরকারের গৃহীত ব্যবস্থার উল্লেখ করেন এবং বিরোধী দলের সদস্যদের ভূমিকার সমালোচনা করেন।
তিনি বলেন, বিরোধী দল মনে করেছিল কানসাটের ঘটনার ওপর ভর করে তারা সরকারকে বেকায়দায় ফেলতে পারবে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ডেমরায় যেভাবে জনবসতি বাড়ছে, সেহারে পানি সরবরাহ করা সহজ নয়। তারপরও সরকার চেষ্টা করছে। শুক্রবার হঠাৎ করে পানির দাবিতে রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জনগণকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ফেলা হয়।
তিনি বলেন, স্থানীয় সাংসদ বিষয়টি জেনে সমাধানের আশ্বাস দেন। কিন্তু তা সত্ত্বেও তার ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেনাবাহিনীর হাতে পানির দায়িত্ব দেওয়া সম্পর্কে তিনি বলেন, পানি সরবরাহের সুবিধার্থে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। পানির সংকট হলেই এটা করা হয়। সেনাবাহিনীর কিছু লজিস্টিক সুবিধা আমরা ব্যবহার করছি।
তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, তারা একের পর এক বিধি বহির্ভূত বক্তব্য দিয়ে ওয়াকআউট করছেন।
