২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ, প্রতিবাদের মধ্য দিয়ে খালেদা জিয়া মেডিক্যাল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সরকারবিরোধী চিকিৎসকদের প্রতিবাদ, বিক্ষোভের মুখে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ড. মোশাররফ হোসেন শনিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল প্রাঙ্গনে নবনির্মিত বেগম খালেদা জিয়া মেডিক্যাল কলেজের আনুষ্ঠানিক একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রীর নামে সোহরাওয়ার্দী হাসপাতাল প্রাঙ্গনে দেশের ১৪তম সরকারি মেডিক্যাল কলেজের অস্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা ইতোমধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের ফোরাম স্বাধীনতা চিকিৎসক পরিষদ একে গণতন্ত্রের মানসপুত্র বলে পরিচিত কিংবদন্তি রাজনীতিক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি মানহানিকর বলে আখ্যায়িত করেছেন।

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বাধীন পরিষদ হাসপাতাল প্রাঙ্গনে মেডিক্যাল কলেজের অস্থায়ী ক্যাম্পাস স্থাপনে সরকারের উদ্যোগের প্রতিবাদে মন্ত্রী আসার আগে বিক্ষোভ মিছিল করে।

কলেজের নামকরণের ব্যাপারটি ব্যাখ্যা করতে গিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী হাসপাতাল প্রাঙ্গনে মহান নারী বেগম খালেদা জিয়ার নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করে আমরা প্রকৃত অর্থেই প্রয়াত মহান নেতার (সোহরাওয়ার্দী) প্রতি আরো বেশি সম্মান দেখিয়েছি।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক।  একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে যারা বহুদলীয় গণতন্ত্রের কবর রচনা করেছিল, তারা এখন সোহরাওয়ার্দীর নামে মায়াকান্না কাঁদে।

তিনি বলেন, এমনকি তারা সোহরাওয়ার্দীর জন্ম অথবা মৃত্যুদিবসও পালন করে না।

কলেজের উদ্বোধন উপলক্ষে শনিবার সোহরাওয়ার্দী হাসপাতাল প্রাঙ্গনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে কলেজের উদ্বোধন করেন। 

স্বাস্থ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন, বিরোধীরা যদি বাস্তবতা বুঝতে পারতো, তাহলে তারা ফুল দিয়ে আমাকে স্বাগত জানাতো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন না করতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে নির্দেশ দিয়েছেন বলে মন্ত্রী উল্লেখ করেন। একজন সম্মানিত নেতার নামে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে বলে এটিকে পরিবর্তন না করার জন্যে প্রধানমন্ত্রী তখন স্বাস্থ্যমন্ত্রীকে বলেছিলেন বলে ডাঃ মোশাররফ উল্লেখ করেন।

তিনি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজের মতো সেবা ও সুযোগসুবিধা নিশ্চিত করা ও একে একটি পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্রে রূপান্তরিত করতে সোহরাওয়ার্দী হাসপাতালকে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালে পরিণত করার পরিকল্পনা সরকারের রয়েছে। 

একশ’ জন ছাত্রছাত্রী নিয়ে প্রথম বর্ষের ক্লাসের উদ্বোধনের মাধ্যমে শনিবার এর যাত্রা শুরু হয়। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এ মেডিক্যাল কলেজের অস্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। হাসপাতাল সংলগ্ন ১৯ দশমিক আট একর জায়গার ওপর কলেজের নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে।

এর আগে মন্ত্রী অস্থায়ী ক্যাম্পাসের লেকচার থিয়েটারে ছাত্রছাত্রীদের ক্লাসের উদ্বোধন করেন।

বেগম খালেদা জিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এমপি, মোসাদ্দেক আলী এমপি, স্বাস্থ্যসচিব কে এম জাফর উল্লা খান, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক এম এ হাদী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ শাহাদত হোসেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. খন্দকার শেফায়েত উল্লাহ।