ডেমরায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সালাউদ্দিনের ক্যাডাররা
শনির আখড়া এলাকায় পানি ও বিদ্যুতের দাবিতে গণবিক্ষোভের একদিন পর স্থানীয় এমপি সালাউদ্দিনের ক্যাডার বাহিনী পল্ল¬ী বিদ্যুৎ সংগ্রাম কমিটি ও স্থানীয় আন্দোলনকারীদের হুমকি দিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরকারদলীয় ক্যাডাররা শনিবার সকালে এমপি সালাউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে মিছিল করেছে। গোলাবাড়ী এলাকায় তারা সংগ্রাম কমিটির তৈরি করা মঞ্চ গুড়িয়ে দিয়েছে।
এদিকে এমপির ক্যাডারদের হামলার প্রতিবাদে সংগ্রাম কমিটিও মিছিল সমাবেশ করেছে।
এমপির ক্যাডারবাহিনী এলাকা দাপিয়ে বেড়ানোয় গোটা এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে। প্রতিবাদকারীরা সালাউদ্দিনের ক্যাডারদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
স্থানীয়দের অভিযোগ, সরকারদলীয় ক্যাডারবাহিনী শনিবার সকাল থেকেই আন্দোলনকারীদের হুমকি ধামকি দেওয়া শুরু করে। সকাল সাড়ে ১০টায় যুবদলের নেতৃত্বে একটি মিছিলও বের করা হয়।
এছাড়া সংগ্রাম কমিটির নেতারা বেলা সাড়ে ১১টায় নবকুড়ি কিন্ডারগার্টেনে এক প্রেস ব্রিফিং আয়োজন করলে শওকতের নেতৃত্বে ক্যাডাররা তাতে বাধা দেয়। ফলে প্রেস ব্রিফিং আর অনুষ্ঠিত হতে পারেনি।
বিদ্যুৎ, পানি ও গ্যাসের দাবিতে শুক্রবারের গণবিক্ষোভের পেছনে যুবদল ক্যাডাররা আওয়ামী লীগকে দায়ি করেছে।
নূর ই আল শামীম ও শামীম লস্করসহ বেশ কয়েকজন যুবদল ক্যাডার শনিবার দুপুরে সংগ্রাম কমিটির আহ্বায়ক মোসলেহ উদ্দিন মাসুদকে গোলাবাড়ী এলাকায় হুমকি দিয়েছে।
মোসলেহ উদ্দিন মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, এমপি ক্যাডাররা তাদের একটি মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে তারা দুপুরে একটি প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করলে যুবদল ক্যাডাররা হুমকি দেয়।
তিনি বলেন, ক্যাডারদের হুমকির কারণে মানুষ রাস্তায় বের হওয়ার সাহস পাচ্ছেন না।
তিনি আরো বলেন, আন্দোলন ছাড়া সিটি মেয়রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে না।
মেয়রের আশ্বাসের ভিত্তিতে কমিটি শুক্রবার রাতে রাস্তা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়।
এদিকে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের মাঝে পানি বিতরণ করতে শুরু করেছে। ওই এলাকার ছয়টি পয়েন্টে কয়েকশ’ মানুষকে পানি নিতে দেখা গেছে।
সেনা সদস্যরা বলেন, তারা এদিন ২০ লাখ লিটার পানি বিতরণ করেছেন।
তারা বলেন, যতক্ষণ সম্ভব তারা পানি বিতরণ অব্যাহত রাখবেন।
