তুচ্ছ ঘটনায় সূর্যসেন ও জিয়া হল ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল ও জিয়াউর রহমান হল ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শনিবার কমপক্ষে ২০ জন ছাত্র আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সূর্যসেন হলের দর্শনের প্রথম বর্ষের (পুরাতন) ছাত্র তরিকুল ইসলাম তরিক এবং জিয়া হলের অর্থনীতি প্রথম বর্ষের ছাত্র তারেকের মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়।
সূত্র আরো জানায়, তারেক দর্শন থেকে মাইগ্রেশন করে অর্থনীতি বিভাগে ভর্তি হয়। তারপরও সে মাঝে মাঝে দর্শন বিভাগে ক্লাশ করে। শনিবার তারেক দর্শন বিভাগে ক্লাশ করতে এলে তরিক তাকে বাইরে ডেকে নিয়ে দর্শনে ক্লাশ করতে আসার কারণ জিজ্ঞেস করলে তারেক তরিককে থাপ্পড় দেয়।
পরে সকাল সাড়ে ১১টায় জিয়া হলের ছাত্রকে মারার খবর শুনে হল ছাত্রদলের সভাপতি সোহান, বহি®কৃত সিনিয়র সহ--সভাপতি মোশতাক, তুহিন, মিন্টু, রঞ্জুসহ আরো অনেকে চাপাতি, হকিস্টিক, লাঠিসোটা নিয়ে সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে সূর্যসেন হল ছাত্রদলের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় অমিত তরফদার নামে প্রথম বর্ষের এক ছাত্র চাপাতির আঘাতে গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় আহত হয় আরো ১০জন ।
এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, ওই ঘটনার পর দুপুর দেড়টায় আবারো দুই হলের ছাত্রদের মধ্যে মারামারি শুরু হয়।
সূর্যসেন হলের সামনে দিয়ে জিয়া হলের এক ছাত্র রিক্সা দিয়ে যাওয়ার সময় তাকে সূর্যসেন হলের ছাত্ররা রিক্সা থেকে নামিয়ে মারধর শুরু করে।
ওই ঘটনাকে কেন্দ্র করে আবারো উভয় পক্ষের মধ্যে ধাওয়া--পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকারের নেতৃত্বে এবং জিয়া হলের মোশতাকের নেতৃত্বে চাপাতি, হকিস্টিক, লাঠিসোটা, ইট পাটকেল নিয়ে ধাওয়া--পাল্টা ধাওয়ায় আরো ১০জন আহত হয়।
আহতরা হলো রোকন, হাফিজ, মাহতাব, সজীব, কাকন, মিরাজ, রেজা, শাহীন, পিন্টু, রিপন, তুলিপ, শাহরিয়ার, বোরহান, অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের (পুরাতন) জামান প্রমুখ।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর দুপুর আড়াইটায় জিয়া হলের ছাত্ররা মিছিল নিয়ে সূর্যসেন হলের সামনে আসার চেষ্টা করলে পুলিশ ক্যাফেটেরিয়ার সামনে তাদের বাধা দেয়।
সংঘর্ষের পর প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ, সহকারী প্রক্টর ফাতেমা বেগম, ড. মামুন আহমেদ ঘটনাস্থলে পৌঁছে সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক সিরাজুল ইসলামকে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
সংঘর্ষ এড়াতে সূর্যসেন হল ও জিয়া হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রক্টর আকা ফিরোজ সাংবাদিকদের বলেন, ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে। এবং একাডেমিক কমিটিতে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন সাংবাদিকদের বলেন, এটি একটি অরাজনৈতিক ঘটনা। তবে, ঘটনার সাথে সম্পৃক্ত ছাত্রদলের কেউ থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
