কাউন্সিলর নির্বাচনে ব্লেয়ারের লেবার পার্টির ভরাডুবি
সব জল্পনাকল্পনাকে সত্য প্রমাণ করেই যুক্তরাজ্যের স্থানীয় কাউন্সিলর নির্বাচনে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের লেবার পার্টির বড় ধরনের বিপর্যয় হয়েছে।
বৃহস্পতিবারের কাউন্সিলর নির্বাচনে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি যেখানে ১,৬৫০টি আসন পেয়েছে, সেখানে ক্ষমতাসীন লেবার পেয়েছেন ১,১১৫টি আসন। তৃতীয় স্থানে থাকা লিবারেল ডেমোক্র্যাট পেয়েছে ৮১৩টি ও অন্যান্য দলগুলো ১৭৫টি আসন পেয়েছে।
নির্বাচনে ব্যাপক সফলতার কারণে ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ ৬৮টি কাউন্সিলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। লেবার ২৬টি ও লিবডেম ১৩টি কাউন্সিলে নিয়ন্ত্রণ হাতে পেয়েছে।
রেসিডেন্টস অ্যাসোসিয়েশন ২২টি, গ্রিন পার্টি ২১টি ও ডানপন্থি ব্রিটিশ ন্যাশনাল পার্টি (বিএনপি) পূর্ব লন্ডনের বারকিং ও দাগেনহ্যাম এলাকা থেকৈ ১৩টি কাউন্সিল আসন পেয়েছে। ১৭৬টি কাউন্সিলের মধ্যে এখন পর্যন্ত ১৬৮টির ফলাফল পাওয়া গেছে।
নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল ৩৬ শতাংশ, ২০০৪ সালের নির্বাচনের চেয়ে যা তিন শতাংশ কম।
এদিকে নির্বাচনে ভরাডুবির কারণে ব্লেয়ার এখন তার মন্ত্রিপরিষদে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন বলে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী চার্লস ক্লার্ক তার মন্ত্রীত্ব হারাতে যাচ্ছেন। তার স্থলে দায়িত্ব পেতে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী জন রিড। পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র পাচ্ছেন হাউজ অব কমন্সের দায়িত্ব আর তার স্থলাভিষিক্ত হচ্ছেন মার্গারেট বেকেট।
এতে আরো বলা হয়েছে, জন প্রেসকট উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল থাকলেও তিনি তার দপ্তর হারাবেন। বাণিজ্যমন্ত্রী অ্যালান জনসন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।
গণমাধ্যমে মন্ত্রিসভার পরিবর্তনের কথা বলা হলেও সোমবারই এ ব্যাপারে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
