দেশের সংকট থেকে মুক্তি ও অরাজক অবস্থার পরিবর্তনে সকলকে এগিয়ে আসতে হবে: শেখ হাসিনা
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের নীতিহীন - আদর্শহীন রাজনীতির কারণে দেশ পিছিয়ে যাচ্ছে।
দেশে আজ চলছে চরম অস্বাভাবিক ও অরাজক অবস্থা। সর্বত্র এখন সংকট আর হাহাকার। এ সবের প্রতিবাদ করতে গেলেই নেমে আসছে অত্যাচার নির্যাতন।
তিনি বলেন, এই অস্বস্তিকর অবস্থা চলতে আর পারে না। এর পরিবর্তন করতে হবে। শোষিত বঞ্চিত দেশবাসীর ভাগ্যোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‘লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১, বাংলাদেশ’ এর একাদশতম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ -- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে লায়ন সদস্য শেখ হাসিনা বলেন, গত ৩৫ বছরেও আমাদের মুক্তি সংগ্রামের মূল লক্ষ্য অর্জিত হয়নি। মানুষ এখনো দারিদ্র ও শোষণ থেকে মুক্তি পায়নি। একটি দেশে সুশাসন ও সরকারের আন্তরিকতা না থাকলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, তাই জাতীয় উন্নয়ন ও বর্তমান অস্বাভাবিক পরিস্থিতি উত্তরণ এবং সংকট মুক্তির লক্ষ্যে লায়নদেরও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিরোধী দলীয় নেতা বলেন, মানবাধিকার লংঘন, নারী ও সাংবাদিক নির্যাতনের দেশ হিসেবে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চাই না। আমরা চাই একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান -- বিজ্ঞানে উপযুক্ত আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।
শেখ হাসিনার বক্তব্যের আগে তার জীবন ও কর্মের ওপর নির্মিত ১০ মিনিটের একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
সুসজ্জিত ব্যা- দলের মনোমুগ্ধকর বাদ্য বাজনা এবং বুলবুল ললিতকলা একাডেমি’র (বাফা) নৃত্যানুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বরণ পর্ব। এরআগে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে।
দুদিনের এই সম্মেলনে দেশের ৬৪ টি জেলার লায়ন প্রতিনিধি অংশ নেন।
জেলা গভর্ণর লায়ন এবিএম লাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন’স ক্লাবের ইন্টারন্যাশনাল ডাইরেক্টর শেখ কবির হোসেনসহ লায়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেখ হাসিনা লায়ন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রকে (সিআরপি) চারটি হুইল চেয়ার এবং তিন জন দুস্থ মহিলার কাছে সেলাই মেশিন হস্তান্তর করেন।
