২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকা, লাঙ্গল, ধানের শীষ প্রতীক বরাদ্দের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হচ্ছে

জামায়াতে ইসলামী বাংলাদেশকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ দেওয়ায় নির্বাচনী বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের পাল্টা রিট আবেদন হিসাবে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলকে নৌকা, লাঙ্গল ও ধানের শীষ প্রতীক বরাদ্দের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে আরো একটি রিট আবেদন দায়ের হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বাংলাদেশ আওয়ামী লীগ ‘নৌকা, জাতীয় পার্টি (জেপি) লাঙ্গল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতীক হচ্ছে ধানের শীষ।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহাদত হোসেন রোববার রাজনৈতিক দলগুলোকে ‘নৌকা’, ‘লাঙ্গল’ ও ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দে নির্বাচনী বিধির বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন দায়ের করবেন।

অ্যাডভোকেট শাহাদত হোসেন বৃহস্পতিবার হাইকোর্টে ৩৯৯৫/২০০৬ নম্বরের রিট আবেদনটি দায়েরের আগে বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি অ্যাফিডেভিট দায়ের করেন।

হাইকোর্টে রিট আবেদন মামলা পরিচালনা করতে নিয়োগকৃত আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, রাষ্ট্র ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মনোগ্রাম হিসাবে নির্বাচনী প্রতীক ‘নৌকা’, ‘লাঙ্গল’ ও ‘ধানের শীষ’ ব্যবহার করা হয়ে থাকে।

তিনি বলেন, কারাগার প্রহরীর মনোগ্রাম ও পতাকায় ‘নৌকা’ প্রতীক, বাংলাদেশ আনসারের মনোগ্রাম ও পতাকায় ‘লাঙ্গল’ প্রতীক এবং সংবিধানের ৪(৩) ধারার বর্ণনা মতে ‘ধানের শীষ’ প্রতীককে ‘জাতীয় প্রতীক’ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রতীক হিসাবে ওইসব প্রতীক বরাদ্দ প্রদানের মাধ্যমে দেশের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণœ করা হয়েছে। এসব প্রতীক রাজনৈতিক দলগুলোকে বরাদ্দ দেওয়ায় দেশের সাধারণ জনগণের মধ্যে সন্দেহ ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এটি অবৈধ এবং এর আইনগত কর্তৃত্ব নেই।

এর আগে ‘দাঁড়িপাল্লা’ বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের মনোগ্রাম হওয়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশকে তাদের নির্বাচনী প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা’ বরাদ্দ প্রদান সংক্রান্ত নির্বাচনী বিধির বৈধতাকে চ্যালেঞ্জ করে ২ মে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবী--ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, অ্যাডভোকেট এসএম ফজলুল হক, অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, অ্যাডভোকেটে শামসুল আলম এবং অ্যাডভোকেট মোস্তফা জামান ইসলাম-- জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন।

তাদের রিট আবেদনটি হাইকোর্টের একই বেঞ্চে শুনানি ও রায়ের জন্যে ঝুলে আছে। ৭ মে শুনানি ও রায় প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।