২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে টেলিভিশন ইস্যু এবং অধিবেশন কক্ষে বেসরকারি চ্যানেলের ক্যামেরা ঢুকতে না দেওয়া নিয়ে সংসদে বিতর্ক

সম্প্রচার বন্ধ ঘোষিত বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন এবং জাতীয় সংসদে যে কোনও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ঢুকতে না দেওয়া নিয়ে বৃহস্পতিবার সংসদে বিতর্ক হয়েছে। এছাড়া সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীরর বাসভবনে অগ্নিকা- নিয়ে বিরোধী দল সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে কোরাম সংকটের কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতেই কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী একুশে টেলিভিশনের সম্প্রচার কাজ বন্ধ থাকার কারণ জানতে চান।

উত্তরে তথ্য উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সংসদকে জানান, হাইকোর্টের রায়ের কারণে ইটিভির সম্প্রচার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আইন মন্ত্রণালয়ের পরীক্ষা নিরীক্ষায় অনাপত্তির পর এ ব্যাপারে সরকার পরবর্তীতে পদক্ষেপ নেবে।

আওয়ামী লীগ দলীয় সাংসদ সৈয়দ আবুল হোসেন এ বক্তব্যের বিরোধিতা করে বলেন, ইটিভির পুনঃ প্রচারের ক্ষেত্রে হাইকোর্টের কোনো বাধা নেই। সরকারই এর ফ্রিকোয়েন্সি দিচ্ছে না। কবে নাগাদ এর ফ্রিকোয়েন্সি দেয়া হবে তা তিনি জানতে চান।

এ প্রশ্নের উত্তরে তথ্য উপমন্ত্রী তার আগের মন্তব্য থেকে সরে এসে বলেন, এ ব্যাপারে সাতটি রিট মামলা হয়েছে। আদালত নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছে। আইনমন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করছে।

প্রশ্নাত্তর পর্ব শেষে জিরো আওয়ারে ফ্লোর নিয়ে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক সংসদ ভবনে বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরা প্রবেশ করতে না দেওয়ার সরকারি সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ ও স্বেচ্ছাচারিতা ঢাকতেই সরকার এটা করেছে। আমরা জানতে চাই সংসদে টিভি চ্যানেল ঢুকতে না দেওয়াটা কিসের নমুনা।

তিনি আরো বলেন, সরকারি দলের নেতা ও মন্ত্রীরা অবৈধ পন্থায় বেসরকারি টিভি চ্যানেল স্থাপন করেছেন। তিনি জানতে চান বেসরকারি টিভি চ্যানেলের মালিক সরকারি দলের নেতা এত টাকা কোত্থেকে পেলেন?

তিনি এ ব্যাপারে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার পরে দেখা যাবে বলে জানান।

জামাতের দেলওয়ার হোসেন সাঈদীর এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের অনুষ্ঠান ভারতে প্রদর্শিত হচ্ছে না। তবে ভারতীয় সরকার কোনো ভারতীয় চ্যানেল নিষিদ্ধ করেনি।

আওয়ামী লীগের অপর এমপি সুরঞ্জিত সেনগুপ্ত সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে অগ্নিকা-ের ঘটনা তদন্তে স্পিকারের নেতৃত্বে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। প্রস্তাবিত কমিটিতে সরকারি ও বিরোধী দলের পাঁচজন করে সদস্য রাখারও পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বদরুদ্দোজা চৌধুরীর পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতিকে স্বপরিবারে হত্যার উদ্দেশ্যেই পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যার উদ্দেশে চালানো গ্রেনেড হামলার সাথে তিনি এই হামলার তুলনা করেন।