শহীদ জননী জাহানারা ইমামের ৭৭তম জন্মবার্ষিকী পালন
শহীদ জননী জাহানারা ইমামের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক আলোচনা সভায় জোট সরকারের আমলে নির্যাতিতরা নির্যাতনের করুন চিত্র তুলে ধরেছেন। নির্যাতিতরা জোট সরকারের আমলে নির্যাতনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও উল্লেখ করেন।
বুধবার ডব্লিউভিএ অডিটোরিয়ামে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘মৌলবাদী সাম্প্রদায়িক জোট সরকারের মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন নির্মূল কমিটির সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী। আলোচনায় অংশ নেন সাংবাদিক শাহরিয়ার কবীর, বিচারপতি কে এম সোবহান, নারীনেত্রী হেনা দাস, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক মুনতাসির মামুন, জোট সরকারের বর্বর পুলিশী হামলার শিকার গৃহবধু শান্তা, যুব মহিলালীগের কর্মী সাবিনা আখতার তুহিন।
সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে একাত্তরের যুদ্ধাপরাধীদের নিয়ে গঠিত জোট সরকারের পতন এবং তাদের বিচারের জন্য জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তারা এসব নির্যাতনকারী জোট সরকারের পুলিশ, ক্যাডারদের চিহ্নিত করার জন্য অনুরোধ করেন যাতে তাদের বিচার করা যায়। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, একাত্তরের পরাজিত শক্তি পরাজয়ের ব্যথা ভুলেনি। তারা এখন ক্ষমতাসীন হয়ে প্রতিন্য়িত সমাজে অস্থীর পরিস্থিতির সৃষ্টি করছে।
বক্তারা ক্রসফায়ারের মাধ্যমে বিচার বহির্ভূতভাবে মানুষ হত্যার ঘটনার তীব্র নিন্দা করেন। তারা নির্যাতিতদের জন্য হয়রানিমূলক আইন ব্যবস্থার পরিবর্তন দাবি করেন।
