কক্সবাজারে হোটেল কক্ষে জামায়াত নেতার রহস্যজনক মৃত্যু
কক্সবাজার শহরের কলাতলীর সমুদ্র সৈকত এলাকার শামীম গেস্ট হাউস থেকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিটেন্ট সেক্রেটারি মাওলানা নজির আহমদের (৪০) রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়। কক্সবাজার থানা পুলিশ মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্র জানায়, মাওলানা নজির আহমদ সোমবার কক্সবাজার আসেন এবং শহরের কলাতলীর শামীম গেস্ট হাউসের ২ নম্বর কক্ষে উঠেন। রাতে ঘুমানোর পর সকাল পর্যন্ত রুম বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। তবে মাওলানা নজির আহমদের স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি এটি হত্যাকাণ্ড তা কেউই বলতে পারছেন না।
কক্সবাজার থানার ওসি এনায়েত উদ্দিন জানান, পুলিশের সুরতহাল রিপোর্টে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
