পিরোজপুরে আওয়ামী লীগ নেতাদের বাসায় বিএনপির হামলা, আহত ২৫ জন
পিরোজপুর জেলায় আওয়ামী লীগ নেতাদের বাসায় রোববার দুপুরে বিএনপির ক্যাডাররা কয়েক দফায় হামলা চালায়। এতে চারজন পুলিশসহ অন্তত ২৫ জন আওয়ামী লীগ কর্মী আহত হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে বরিশাল ও পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজনৈতিক আধিপত্য বিস্তারের জের ধরে শুক্রবার দুপুরে পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপির ক্যাডাররা এক দফা হামলা চালায়। এতে দলের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশারেফ হোসেন খানসহ কয়েক জন নেতাকর্মী আহত হন।
জেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতারা আহত মোশারেফ হোসেন খানকে দেখতে রোববার তার বাসায় গেলে বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপির ক্যাডাররা লাঠিশোটা নিয়ে সেখানে আবারো হামলা করে।
এছাড়া একই সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা আতিউর রহমান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর বাসায়ও হামলা হয়।
হামলাকারীরা বাসায় উপস্থিত নেতাকর্মী ও পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারপিট করে; তারা ভাঙচুর করে বাসার আসবাবপত্র।
টহল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে তারাও হামলার শিকার হয়।
এ সব ঘটনায় চারজন পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ২৫ জন।
ঘটনার পর থেকে জেলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। দুপক্ষের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা।
