২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্যে সময় না পাওয়ায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক থেকে আওয়ামী লীগের ওয়াকআউট

 প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদের অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্যে তাদের কাঙ্খিত সময় না দেওয়ায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ওই বৈঠকে বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়েই সংসদের ২১তম অধিবেশন আগামী ৯ মে পর্যন্ত মাত্র সাতটি কার্যদিবস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরুর আগে বিকেল সাড়ে ৪টায় স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়।

বিরোধী দল আওয়ামী লীগের পক্ষ থেকে বৈঠকে মোট ১১টি জনগুরুত্ব সম্পন্ন ইস্যুতে আলোচনার জন্যে সংসদের বৈঠক ১৫ দিন চালানোর দাবি করা হয়। কিন্তু স্পিকার ও সরকারি দলের পক্ষ থেকে মাত্র সাতদিন অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়।

ওয়াকআউট করে বেরিয়ে এসে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, তাদের প্রস্তাব সরকার গ্রহণ করেনি। কারণ তারা জনবিচ্ছিন্ন সরকারে পরিণত হয়েছে। তারা জনগণের মুখোমুখি হতে ভয় পায়।

তিনি বলেন, আমরা সংসদে কানসাট হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করতে চেয়েছি। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, বিষয়টির সমাধান হয়ে গেছে। আমরা বলেছি, এক কানসাট শেষ হয়েছে, কিন্তু এখন ঘরে ঘরে কানসাট চলছে। এর সমাধান করবে কে? আমরা এসব বিষয় নিয়েই আলোচনা করতে চাই।

তিনি বলেন, আমরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও চিনির দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে চেয়েছি। প্রধানমন্ত্রী এসব বিষয়ে বাজেট অধিবেশনে কথা বলতে বলেছেন। আমরা বলেছি, তখন চিনির দাম একশ’ টাকা হবে, তখনকার বিষয় নিয়ে তখনই কথা বলবো। এখনকার কথা এখনই বলতে দিতে হবে। কিন্তু সরকার তা মানেনি।

তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী খালেদা জিয়া অধিবেশনের কার্যদিবস বাড়ানোর বিরোধিতা করে বলেছেন, বিভিন্ন এলাকায় এখন উন্নয়নের কাজ চলছে। সময়ও শেষ, এখন এসব কাজের জন্যে সাংসদদের এলাকায় যেতে হবে। তাই অধিবেশনের কার্যদিবস কম থাকাই ভালো হবে।

আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব ইস্যুতে আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, তা হচ্ছে- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা, কানসাট হত্যাকাণ্ড, বিদ্যুতের লোডশেডিং ও পল্লী বিদ্যুতের দূর্নীতি, চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলা, সংসদের চাকরিবিধি লঙ্ঘন করে দলীয় ও স্বজনপ্রীতির মাধ্যমে নতুন নিয়োগ, ধনবাড়িতে আওয়ামী লীগের জনসভায় নিষেধাজ্ঞা ও বাধা, ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা ও ২৪ জন হত্যাকাণ্ডের মামলা নিয়ে দীর্ঘসূত্রিতা, সীমাহীন দুর্নীতি, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার জটিলতা, সরকারের সন্ত্রাস ও আইন শৃঙ্খলার অবনতি ও খাগড়াছড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা।

পরে চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, বিরোধী দলের দাবি অনুযায়ী আলোচনার জন্যে তিনদিন বাড়িয়ে অধিবেশনের মেয়াদ সাতদিন করা হয়েছে। আমরা চারদিন সংসদ চালাতে চেয়েছিলাম। কিন্তু তাদের আলোচনার সুযোগ দিতেই মেয়াদ বাড়ানো হয়েছে। তারা আলোচনা করতে চাইলে এটাই যথেষ্ট সময়।

কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সরকারি দলের পক্ষে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, অর্থমন্ত্রী সাইফুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন, আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী ও কেএম ওবায়দুর রহমান, আওয়ামী লীগের পক্ষে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ, বিরোধী দলীয় চিফ হুইপ আব্দুস শহীদ ও বিরোধী দলীয় নেত্রীর পক্ষে সুরঞ্জিত সেনগুপ্ত এবং জামায়াতে ইসলামীর আব্দুস সোবহান উপস্থিত ছিলেন।