২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের ২১তম অধিবেশন

জাতীয় সংসদের ২১তম অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হচ্ছে। প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা এ অধিবেশনেও সংসদে যোগ দেওয়ায় এবারো সংসদের অধিবেশন উত্তপ্ত ও প্রাণবন্ত হয়ে উঠতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 07:27 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে। স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এতে সভাপতিত্ব করবেন।

বিরোধী দলের সদস্যরা এ অধিবেশনে আবারো তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিরোধী দলের বিভিন্ন কর্মসূচিতে রাজনীতিবিদ ও চট্টগ্রামে সাংবাদিকদের ওপর পুলিশি হামলা ও নির্যাতন, কানসাট হত্যাকা-, জঙ্গিসহ বিভিন্ন ইস্যু জোড়ালোভাবে তুলে ধরবেন।

এসব ইস্যুতে আলোচনার জন্যে বিরোধী দলীয় সাংসদরা ইতোমধ্যেই ১৫৪টি মূলতবি প্রস্তাব সংসদ সচিবালয়ে জমা দিয়েছেন। তবে এসব প্রস্তাবের কোনোটি গ্রহণ করা হবে কিনা, তা জানা যায়নি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে মোট ১০টি বিল উত্থাপণ করা হবে। এর মধ্যে কমপক্ষে পাঁচটি বিল এ অধিবেশনেই পাস করা হতে পারে।

এ অধিবেশনেই পাস হতে পারে, এমন বিলগুলো হচ্ছে- দি কোড অব ক্রিমিনাল প্রোসিডিওর (সংশোধন) বিল, ২০০৬, ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল, ২০০৪, দি ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল অর্গানাইজেশন (সংশোধন) বিল, ২০০৪, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিল, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিল, ২০০৬।

এছাড়াও যে বিলগুলো উত্থাপিত হবে, তা হলো- কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিল, ২০০৬, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিল, ২০০৬, চট্টগ্রাম পশু সম্পদ বিশ্ববিদ্যালয় বিল, ২০০৬, জন্ম ও মৃত্যু নিবন্ধণ (সংশোধন) বিল, ২০০৬ ও গ্রাম আদালত বিল, ২০০৬।