বঙ্গবন্ধু হত্যা মামলা বিচারে সরকার বিচারক নিয়োগ করবে না: মওদুদ
গত পাঁচ বছর ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ঝুলে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলা নিষ্পত্তিতে সরকার কোনো বিচারক নিয়োগ করবে না।
আপিল বিভাগে বিশেষ বিচারক নিয়োগ না দেওয়া হলে এ মামলার শুনানি অনুষ্ঠিত হতে পারবে না কারণ এ মামলায় ইতোমধ্যেই আপিল বিভাগের ছয়জন বিচারপতির মধ্যে তিনজন বিব্রত বোধ করেছেন। অন্যদিকে বিভাগের আরও দুজন বিচারপতি যখন হাইকোর্টে ছিলেন তখন এ মামলার শুনানি নিয়েছেন।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ রোববার এক সাংবাদিক সম্মেলনে বলেন, শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আইনজীবীরা গত আড়াই বছরে শুনানির বিষয়টি উল্লেখ না করায় সরকার এই মামলায় সুপ্রিমকোর্টে কোনো বিচারক নিয়োগ করবে না।
এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, আপিল বিভাগে অ্যাডহক ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়ার সুযোগ সরকারের নেই। শীর্ষ আদালতে বিচারপতি নিয়োগের ক্ষমতা কেবল সুপ্রিম কোর্টেরই রয়েছে। গত আড়াই বছর ধরে মামলার কৌসুলীরা বিচারপতি নিয়োগের ব্যাপারে এমনকি মামলাটির শুনানির ব্যাপারে কোনও উদ্যোগই নেননি।
ব্যারিস্টার মওদুদ বলেন, যারা শেখ মুজিবুর রহমান হত্যা মামলাকে রাজনৈতিক ইস্যু বানাতে চায় তারা বিচার চায় না।
তিনি বলেন, প্রধান বিচারপতি স্ব--প্রণোদিত হয়ে সুপ্রিমকোর্টের কোনো মামলায় বিচারপতি নিয়োগ করতে পারেননা। এজন্যে প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে হয়।
এই মামলায় সরকারপক্ষের সাবেক কৌসুলি অ্যাডভোকেট আনিসুল হক আইনমন্ত্রীর মন্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
তিনি বিডিনিউজকে বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের কৌসুলীর নিয়োগকে ২০০২ সালের ১৯ ডিসেম্বর আইনমন্ত্রী বাতিল করেন। এরপর থেকে তিনি আর কোনো কৌসুলী নিয়োগ দেননি। আমার থেকে তিনি আইন ভালো বোঝেন। কৌসুলী নিয়োগ ছাড়া তিনি সুপ্রিম কোর্টে মামলাটি তোলার ব্যাপারে যদি কোনো নতুন কোনো আইন দেখাতে পারেন তাহলে আমি তার কাছ থেকে শিক্ষা নেব।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা মামলা একটি ফৌজদারী মামলা।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শুধু দেশের রাজনৈতিক ব্যক্তিত্বই নন বরং জাতির জনক ও সর্বকালের সেরা বাঙ্গালি। রাজনীতিতে এ ব্যাপারে আলোচনা হতেই পারে। কিন্তু এটি রাজনৈতিক মামলা নয়। যদি কোনো মামলা রাজনৈতিক হয়, তাহলে সেটি জিয়াউর রহমান হত্যা মামলা।
অ্যাডভোকেট আনিসুল হক বলেন, জিয়াউর রহমান হত্যা মামলা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করা হয়েছে।
তিনি বলেন, সাবেক বিএনপি নেতা রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে বিএনপি থেকে বহিস্কারের পর তিনি বিএনপি নেতাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। এর পরেই আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি খুব শিগগিরই জিয়াউর রহমান হত্যা মামলার কার্যক্রম শুরু করার পদক্ষেপ নেয়া হচ্ছে। কিন্তু রহস্যজনকভাবে তখনই সে প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।
নিু আদালতে অভিযুক্ত ১৫ জনকে সর্বোচ্চ শাস্তির রায় দেওয়া হয়। এরপর হাইকোর্ট অভিযুক্ত ১২জনকে সর্বোচ্চ শাস্তির রায় দেন এবং আরো তিনজনকে অভিযুক্ত করা হয়।
সুপ্রিম কোর্টে ২০০১ সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। সর্বশেষ ২০০২ সালের ২৭ মার্চ সুুপ্রিম কোর্টে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। বিচারকের অভাবে মামলাটির বিচার প্রক্রিয়া থেমে রয়েছে।
অভিযুক্তদের মধ্যে কর্ণেল (অবঃ) ফারুক, কর্ণেল (অবঃ) শাহরিয়ার, মেজর (অবঃ) বজলুল হুদা এবং লেফটেনেন্ট কর্ণেল (অবঃ) মহিউদ্দিন বর্তমানে কারাবন্দি রয়েছেন।
