২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলই আলোচনার পরিবেশ নষ্ট করছে: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগের বিরুদ্ধে সংস্কার প্রস্তাবের নামে নৈরাজ্য সৃষ্টি করার অভিযোগ এনেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

তিনি এর বিরুদ্ধে দেশের মানুষ সমুচিত জবাব দেবে -- এ কথা উল্লেখ করে বলেন, চিঠি লেনদেনের মাধ্যমে যখন একটি আলোচনার পরিবেশ সৃষ্টি হচ্ছে, তখন বিরোধী দল ১৪৪ ধারা ভঙ্গ এবং সরকার দলীয় সাংসদের বাসায় হামলা করে নৈরাজ সৃষ্টি করছে। তারাই আলোচনার পরিবেশ নষ্ট করছে; আবার প্রশ্ন তুলছে ওই আলোচনার বিষয়ে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থানের দিন (বুধবার) বিএনপির সাংসদ হারুনুর রশীদ খান মুন্নুর বাসায় হামলার প্রতিবাদে শুক্রবার মুক্তাঙ্গনে বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

নগর বিএনপি সভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, পূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লা বুলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংসদ হারুনুর রশীদ খান মুন্নু।

মান্নান ভূঁইয়া অভিযোগ করেন, জনগণের সমর্থন আদায়ে ব্যর্থ ও হতাশ হয়ে বিরোধী দল বুঝতে পেরেছে মানুষ আগামী নির্বাচনে তাদের আর ভোট দেবে না। তাই তারা পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে।

তিনি বিরোধী দলকে নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান।