নগরীর বারিধারা থেকে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে রহস্য
নগরীর বারিধারা এলাকা থেকে ১৭ এপ্রিল বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এক যুবক নিখোঁজের ঘটনায় রহস্য’র সৃষ্টি হয়েছে।
অজ্ঞাত পরিচয় গোয়েন্দা সদস্যরা বারিধারা-ডিওএইচএস এলাকা থেকে, এহসানুল হক সাদেক (২১) কে তুলে নিয়ে যায় বলে তার পরিবাবের সদস্যরা অভিযোগ করে।
নিখোঁজ যুবকের পিতা সরদার মোঃ শরিফ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ‘ গত ১৭ এপ্রিল নববিবাহিত বধুর সাথে শপিং করে ফেরার সময়, বারিধারা-ডিওএইচএস এলাকার কাছে কালাচাঁদপুর সেতু পুলিশ চেকপোস্টের সামনে থেকে, সাদা পোশাক পরিহিত এবং ওয়ারলেস ও আগ্নেয়াস্ত্র বহনকারী অজ্ঞাত পরিচয় ব্যাক্তিরা আমার ছেলেকে তুলে নিয়ে যায়’।
‘তখন থেকেই আমরা জানিনা, আমাদের সন্তান কোথায়, কারণ তাকে নিকটবর্তী কোন থানা বা আদালতে পাঠানো হয়নি।
এহসানুলের বোন শারমিন সাদেক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিশিগানের স্থানীয় একটি পত্রিকায় দেওয়া সাক্ষাতকারে বলেন, বাংলাদেশী কর্র্তৃপক্ষ আমার ভাইকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, তার ভাই ও পরিবারের অপর সদস্যরা সর্বশেষ আটমাসে একাধিকবার এফবিআই’র জেরার সম্মুথীন হয়েছেন।
যদিও এহসানের পিতা এবং এহসানের স্ত্রী হ্যাপী শাহনাজ সংবাদ সম্মেলনে তাদের পরিবারের সদস্যদের এফবিআই কর্তৃক জিজ্ঞাসাবাদের বিষয়ে কোন কিছু উল্লেখ করেননি।
সিএনএন ও নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন আর্ন্তজাতিক গণমাধ্যম গ্রেপ্তারের সংবাদ ও ওই যুবক নিখোঁজের ঘটনা তুলে ধরেছে।
যদিও যুক্তরাষ্ট্রের কতিপয় গণমাধ্যম সাদিককে গ্রেপ্তারের সাথে ২৩ মার্চ এফবিআই’র হাতে গ্রেপ্তারকৃত পাকিস্তানি বংশদ্ভূত যন্ত্র-প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সৈয়দ হারিস আহম্মদ গ্রেপ্তারের যোগসূত্র স্থাপন করেছে।
এফবিআই জর্জিয়া থেকে হারিসকে গ্রেপ্তার করে এবং একটি সন্ত্রাসী গোষ্ঠিকে ‘কারিগরি সহায়তা’ দেওয়ার অভিযোগে তাকে মার্কিন কেন্দ্রিয় আদালতে হাজির করে।
শারমিন বলেন, মধ্য মার্চের দিকে তার ভাইয়ের বন্ধু পরিচয়ে এক যুবকের একটি ফোন কল তার পরিবারের সদস্যরা রিসিভ করে এবং তার বিষয়ে আমরা এ পর্যন্ত চার বার এফবিআই’র প্রশ্নের সম্মুখীন হয়েছি।
শারমিন সাদিক জানায় সে শুধুমাত্র ডাক নামে ওই ব্যাক্তিকে চেনে এবং জর্জিয়ার উত্তরে আল-ফারুক মসজিদে তার সাথে সাক্ষাত হয়েছিলো। ওয়েবসাইটের একটি জার্নালে তার ছবি দেখার পর সে জানতে পারে, যে ব্যাক্তির সাথে তার দেখা হয়েছিলো সে সৈয়দ হারিস।
শারমিন বলেন, বিয়ে করার জন্য বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার সময়, গত বছরের আগস্টে নিউইয়ার্কের কেনেডি আর্ন্তজাতিক বিমান বন্দরে তার ভাইকে আটক করা হয়েছিলো।
সাদিকের পরিবার ১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী।
নিখোঁজ যুবক এহসানুল সাদিক যুক্তরাষ্ট্রের ফেয়ারফেক্সে জন্মগ্রহণ করে এবং যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও সে ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশে অবস্থিত একটি বিট্রিশ বিদ্যালয়ে লেখাপড়া করে।
এদিকে মোবারক হোসেন হাশেম নামে এক বাংলাদেশী নাগরিক গুয়ানতানামা-বে কারাগারে রয়েছে বলে জানা গেছে।
