নাগরিক কমিটি দেশের রাজনীতিতে জড়াবে না
দেশের সুশীল সমাজের সংগঠন ‘নাগরিক কমিটি ২০০৬’ রোববার জানিয়েছে, তারা কোনও রাজনৈতিক দল নয় এবং দলীয় অবস্থান নিয়ে জাতীয় রাজনীতিতেও জড়াবে না।
তবে আগামী নির্বাচনে তারা অংশ নেবে কিনা এ ব্যাপারে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি কমিটি।
এক প্রেস ব্রিফিংয়ে কমিটির সদস্য সচিব ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের রাজনীতিতে অংশ নেয়ার কোনো ইচ্ছা নেই। তবে মুক্ত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করতে সুশীল সমাজ বাইরে থেকে চাপ প্রয়োগ করবে।
তবে পরবর্তী সাধারণ নির্বাচনে কমিটি অংশ নেবে কিনা অথবা তত্ত্ববধায়ক সরকারে থাকবে কিনা এমন একটি প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।
পরবর্তী নির্বাচনে যোগ্য প্রার্থীর নির্বাচিত হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যোগ্য প্রার্থী এখন জাতীয় চাহিদা হয়ে দাঁড়িয়েছে এবং জনগণই বিচার করবে কারা যোগ্য ও কারা যোগ্য নয়।
ব্রিফিংকালে ড. দেবপ্রিয় সাংবাদিকদের কাছে তাদের লক্ষ্য, উদ্দেশ্য ও পরবর্তী করণীয় তুলে ধরেন।
সিপিডি, ডেইলি স্টার ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে গত ২০ মার্চ রেহমান সোবাহানকে প্রধান করে নাগরিক কমিটি গঠিত হয়।
কমিটি গঠনের পর থেকে তারা যে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন এমন সাতটি প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্য ব্রিফিংয়ে তুলে ধরেন। প্রশ্নগুলোর মধ্যে অন্যতম হল- তারা নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে যোগ দেবেন কিনা, অর্থের যোগান কোথা হতে আসবে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা রাজনীতি বহির্ভূত কোনো সমাধানের কথা ভাবছেন কি না?
উত্থাপিত ওইসব প্রশ্নের জবাবে তিনি নিজেই বলেন, সুশীল সমাজের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণভাপবে স্থানীয় অর্থায়নে চলছে। তারা কোনো বিদেশী সাহায্য নেননি।
তিনি বলেন, আমরা এখনো পর্যন্ত যে অর্থ খরচ করেছি তা সিপিডি ও অন্যান্য সহযোগীদের কাছ থেকে নিয়ে। তবে আমরা কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে সহায়তা নিতে পারি।
সুশীল সমাজ পরবর্তী সাধারণ নির্বাচনে প্রার্থী দেবে কিনা এ প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন, নাগরিক কমিটি যোগ্য প্রার্থীর কথাই ভাবছে।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, ক্রিমিনাল রেকর্ড, পেশা, আয়ের উৎস, তার সম্পদ সম্পত্তি, লোনসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে মে ২০০৫ সালে নির্বাচন কমিশনকে দেওয়া হাইকোর্টের আদেশ সম্পূর্ণ বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রার্থীদের কর পরিশোধ করার রেকর্ড এবং রাজনৈতিক দল পরিবর্তন করা সংক্রান্ত তথ্য যোগাড় করাও প্রয়োজন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সুশীল সমাজ অরাজনৈতিকভাবে কোনো পদক্ষেপ নেবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, রাজনৈতিক নিয়মের বাইরে বিকল্প কোনো কিছু নিয়ে আমরা ভাবছি না।
ড. দেবপ্রিয় বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচনী আইন সংস্কার হলেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বলে আমি মনে করি না। প্রত্যাশা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করতে পারে না।
নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কমিটি অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান তিনি।
সংলাপ এবং সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে কমিটি বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনা করবে। এছাড়া তারা প্রবাসী বাংলাদেশীদের সাথেও বিশেষ সংলাপের আয়োজন করবে।
কমিটি আগামী ২৪ এপ্রিল তাদের ভিশন স্টেটমেন্ট নিয়ে আলোচনায় বসবে।
ড. ফাহমিদা খাতুন, ফাতেমা ইউসুফ, ড.উত্তম দেব এবং নাঈম হাসানসহ সিপিডি কর্মকর্তারা প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
