বিদ্যুৎ চেয়ে কানসাটের মানুষ অপরাধ করেনি: যশোরে মেনন
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন চার দলীয় জোট সরকারের সমালোচনা করে বলেছেন, বিদ্যুৎ চেয়ে কানসাটের মানুষ এমন কোনো অন্যায় করেনি যে, তাদের গুলি করে হত্যা করতে হবে।
যশোরের বাঘারপাড়া হাইস্কুল মাঠে সোমবার ওয়ার্কার্স পার্টি ঘোষিত ‘কানসাট দিবস’ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চার দলীয় জোটের এমন অভ্যাস দাঁড়িয়েছে, কারণে--অকারণে তারা মানুষ খুন করতে দ্বিধা করছে না।
তিনি জোটের শরিক জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, পূর্ববাংলার মানুষের দাবির কথা বলে ’৭১ সালে তারা এদেশের মানুষকে নির্বিচারে খুন করেছে। এখন বিএনপির সাথে যুক্ত হয়ে নতুন করে কানসাটে সাধারণ মানুষের গণতান্ত্রিক আন্দোলনে বাধা প্রদানসহ নিরীহ মানুষকে খুন করছে।
তিনি আরও বলেন, কপোতাক্ষ পারসহ ভবদহের মানুষ বছরের পর বছর জলাবদ্ধ থাকলেও সরকার বা তার মন্ত্রীদের সামান্য টনক নড়ছে না। দেশে এত বড় সার সংকট হলেও মন্ত্রীরা দিব্যি তা অস্বীকার করছে।
তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে ১৪ দল ঘোষিত ২৩ দফার ভিত্তিতে জনমুখী পরিবর্তন সাধন করতে হবে।
স্থানীয় নেতা সবদুল হোসেন খানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আফসার আলী, অনিল বিশ্বাস, অ্যাড. নজরুল ইসলাম, জিল্লুর রহমান ভিটু, হারুন--অর--রশিদ মল্লিখ প্রমুখ।
