ক্ষমতাসীন জোট সরকার মানুষের সেবা করার পরিবর্তে শোষন করছে : মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, রাজনীতি হচ্ছে দেশের মানুষের সেবা করা। কিন্তু ক্ষমতাসীন জোট সরকার মানুষের সেবা করার পরিবর্তে শোষন করছে।
মিরপুর মানিকদি আজিজ মাষ্টার একাডেমি প্রাঙ্গনে শনিবার মুজিব সেনা পরিষদ আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ ও সংগঠনের সভানেত্রী মরিয়ম বেগম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহারা খাতুন। অন্যান্যের মধ্যে ক্যান্টমেন্ট থানা আওয়ামী লীগের সভাপতি শফিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা.এম শহিদুল্লাহ ও ডা. এসএম জাকারিয়া ও সংগঠনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর সারওয়াত বক্তব্য রাখেন।
মতিয়া চৌধুরী বলেন, জোট সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দেশের জনগনের সেবা করে থাকে, মুজিব সেনা পরিষদের দুস্থদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরন করে তা আবারো প্রমান করেছে।
১০ জন ডাক্তার সকাল থেকে বিকেল পর্যন্ত রোগী দেখেন এবং ওষুধ বিতরন করেন।
মুজিব সেনা পরিষদ প্রতি মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি তাদের নবম অনুষ্ঠান।
