খাগড়াছড়িতে পাহাড়ি গ্রামে হামলা: প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ির মাইচছড়ি ইউনিয়নে পাহাড়ি গ্রামে হামলার ঘটনায় বিক্ষুব্ধ পাহাড়ি জনতা বুধবার সকালে বিশাল বিক্ষোভ মিছিল করে।
মারমা উন্নয়ন সংসদ ও মারমা স্টুডেন্ট কাউন্সিল আয়োজন করে এ মিছিলের। মিছিলকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে দেওয়া এক স্মারকলিপিতে পাহাড়ি গ্রামে হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে।
জেলার মাইচছড়ি নতুন বাজার, জয়সেন কারবারী পাড়া ও চাওপ্র“ কারবারী পাড়া- এই তিনটি পাহাড়ি গ্রামে স্থানীয় বাঙালিদের সশস্ত্র হামলার দুদিন পরেও সাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি। মাত্র দু- একটি পরিবার গ্রামে ফিরে এলেও ওই গ্রামগুলো এখনো জনমানবশূন্য। সেনা ও পুলিশ টহল অব্যহত রয়েছে।
এদিকে শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের নেতারা জেলায় বৈসাবী (বৈসুক, সাংগ্রাই ও বিঝু) নামক নববর্ষ বরণ উৎসব বর্জনের আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, ওই ঘটনার নেপথ্য গডফাদার স্থানীয় সাংসদ ও পার্বত্য উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। তারই ইঙ্গিতে সেনা বাহিনী ও পুলিশের সহায়তা বাঙালিরা পাহাড়িদের তিনটি গ্রামে হামলা চালায়।
জেলা সদরের উপজাতীয় ঠিকাদার সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
এসব দাবি জানানো হয়। ইউপিডিএফ সমির্থত কোনো সংগঠন এই প্রথমবারের মতো ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে মুখ খুললো।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দীপংকর চাকমা, মিতুস চাকমা , মিঠুন চাকমা, সোনালী চাকমা, রীনা দেওয়ান প্রমুখ। তারা ওই ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।
অন্যদিকে শান্তিচুক্তি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ওই হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার সকালে ঢাকার মুক্তাঙ্গনে এক মানববন্ধন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে হাইকোর্টের সামনে মানববন্ধন পালিত হয়।
