জেলা প্রশাসক সম্মেলন শেষ, সরকারের মেয়াদের মধ্যেই বিভিন্ন প্রকল্পের কাজ শেষের তাগিদ
সরকারের মেয়াদ শেষের আগেই চলতি অর্থবছরে নেয়া উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের কাজ শেষ ও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করার তাগিদের মধ্য দিয়ে মঙ্গলবার তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষ হয়েছে।
রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে তিন দিনের ওই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা পৃথক পৃথকভাবে জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন।
উদ্বোধনী ও সমাপনী অধিবেশন ছাড়াও স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, কৃষি, বন ও পরিবেশ, খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, ভূমি ও সংস্থাপন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তাদের সাথে ১০টি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
সমাপনী দিনে সম্মেলনের সিদ্ধান্তগুলো সমন্বিত আকারে প্রকাশের নিয়ম থাকলেও এবার এর ব্যতিক্রম হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বছর পৃথকভাবে তাদের মন্ত্রণালয় সংক্রান্ত সিদ্ধান্ত জানাবে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।
কয়েকজন জেলা প্রশাসকের সাথে আলাপ করে জানা গেছে, তারা প্রায় সব বৈঠকেই তাদের সমস্যাগুলো তুলে ধরেছেন।
তারা বৈঠকগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রীদের জানিয়েছেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতার কারণে তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। অন্যান্য দপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র যথাসময়ে না পাওয়ায় অনেক ক্ষেত্রেই জেলা প্রশাসকরা তাদের কাজ করতে সমস্যার সম্মুখিন হচ্ছেন।
তারা পুলিশের কর্মকাণ্ড ও বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত জেলা প্রশাসকদের অবহিত করার নিয়ম থাকলেও বিভিন্ন জেলার পুলিশ সুপাররা তা দিচ্ছেন না বলে অভিযোগ করেন। একই অবস্থা জেলা পর্যায়ের বিচার ব্যবস্থাতেও। সেখান থেকেই প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে জেলা ম্যাজিস্ট্রেটরা পান না।
ফলে মামলার অগ্রগতি, অপরাধীদের জামিন ও বিভিন্ন মামলার রায় সম্পর্কেও অনেক সময় তারা অন্ধকারে থাকেন।
তারা আরো জানান, জেলা ও উপজেলা পর্যায়ে প্রভাবশালীদের চাপের মুখে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করতে পারছেন না। অনেক সময় প্রকল্পের কাজ শুরু করার পরও তাদের কাজ বন্ধ করে দিতে হচ্ছে।
এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট মন্ত্রীদের হস্তক্ষেপও কামনা করেন।
এছাড়াও জেলা প্রশাসকরা সরকারি জমি দখল, ভূমি ব্যবস্থাপনা, দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারে বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে নতুন আইন প্রণয়নেরও দাবী জানান।
সূত্র জানায়, মন্ত্রীরা অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দেন। মন্ত্রীরা সকল চাপের উর্ধ্বে থেকে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দেন।
তবে মঙ্গলবার সমাপনী অধিবেশনে মন্ত্রিপরিষদের সচিব সরকারের মেয়াদ শেষ ও আগামী নির্বাচনকে সামনে রেখে নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যে জেলা প্রশাসকদের নির্দেশ দেন।
