২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার মন্ত্রীর কাছে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার অভিযোগ করলেন জেলা প্রশাসকরা

জেলা প্রশাসকরা সোমবার স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার কাছে স্থানীয় পর্যায়ে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত পর্যালোচনা সভায় তারা এ অভিযোগ করেন।

জেলা প্রশাসকরা এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেছেন, বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী ব্যক্তিদের চাপের মুখে তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। ফলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমস্যা হচ্ছে।

এছাড়াও কাজ করতে গিয়ে তাদের অনেক ক্ষেত্রে বৈধতার প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

একাধিক জেলা প্রশাসক বিডিনিউজকে জানান, তারা জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন পূরনো ও জরাজীর্ণ সরকারি অফিসের দৈন্যদশার চিত্রও মন্ত্রীর কাছে তুলে ধরেছেন।

স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া তাদের সমস্যার কথা শুনে এসব সমাধানে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

মন্ত্রী স্থানীয় পর্যায়ে এ বছর রাজস্ব আদায় বৃদ্ধিতে জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইউনিয়ন পর্যায়ে এ বছর সন্তোষজনক হারে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। ওই পর্যায়ের হাটবাজারের ইজারা যথাযথভাবে সম্ভব হলে রাজস্ব আদায় আরো বৃদ্ধি পাবে।

স্থানীয় পর্যায়ে আদায় করা রাজস্বের অপব্যবহার রোধে কার্যকর ভূমিকা রাখতে জেলা প্রশাসকদের তাগিদ দেন।

মান্নান ভূঁইয়া জন্ম ও মৃত্যু নিবন্ধণের কাজ পৌর এলাকার বাইরে ইউনিয়ন পর্যায়ে জোরদার করার তাগিদ দিয়ে বলেন, ভূমি রেজিস্ট্রেশন, ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ করা, শিশুদের স্কুলে ভর্তি ও পাসপোর্ট গ্রহণের জন্যে জন্ম নিবন্ধীকরণ অত্যাবশ্যকীয় করা হয়েছে। যথাযথভাবে রেজিস্ট্রেশন না হলে এক্ষেত্রে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।

তিনি দেড় বছরে ৭০ শতাংশ স্যানিটেশন সাফল্য অর্জনে সন্তোষ প্রকাশ করে শতভাগ সাফল্য অর্জনে কঠোর মনিটরিং অব্যাহত রাখার তাগিদ দেন।

জেলা প্রশাসকরা প্রয়োজনীয় মনিটরিং নিশ্চিত করলে আগামী ২০১০ সালের মধ্যে শতভাগ স্যানিটেশন সাফল্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের ওপর নির্ভর করতে হয়। তারা তাদের বিভিন্ন সমস্যার কথা বলেছেন। তাদের সমস্যাগুলো সরকার দেখবে।

তিনি বলেন, দেশে ইতোমধ্যে মাত্র ৪৭৯টি গ্রাম বাদে সকল গ্রামে গ্রাম সরকার গঠন করা হয়েছে। গ্রাম সরকারের জন্যে বরাদ্দ করা ৬০ কোটি টাকা থোক বরাদ্দ ইতোমধ্যেই তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। গ্রাম সরকার ব্যবস্থা স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করবে।