সারাদেশে বিদ্যুৎ, সার ও ডিজেল সংকটের জন্যে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনাই দায়ী
জাতীয় ঐক্যমঞ্চসহ তিনটি রাজনৈতিক দলের নেতারা দেশব্যাপী বিরাজমান বিদ্যুৎ, সার ও ডিজেল সংকটের জন্যে সরকারকে দায়ী করেছেন।
রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেছেন, সরকারের মন্ত্রীদের দুর্নীতি, ব্যর্থতা ও অব্যবস্থাপনার কারণে দেশের কৃষি ও শিল্প ধ্বংস হতে বসেছে। প্রধানমন্ত্রীও এ দায়িত্ব এড়াতে পারেন না।
সরকার এ ব্যর্থতার দায়িত্ব স্বীকার এবং দায়ী মন্ত্রীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজনৈতিক শাস্তির ব্যবস্থা নিলে তারা সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
নেতারা এ দুর্নীতি ও ব্যর্থতার কারণ বের করতে বিচার বিভাগীয় অথবা জামাত বাদে অন্য সব দলকে নিয়ে একটি সর্বদলীয় তদন্ত কমিটি গঠনের দাবী জানান।
জাতীয় ঐক্যমঞ্চ, বিকল্প ধারা ও তরিকত ফেডারেশন কেন্দ্রীয় নেতাদের সাম্প্রতিক উত্তরাঞ্চল সফরের অভিজ্ঞতা ও ওইসব এলাকার সমস্যা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বিকল্প ধারা সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় ঐক্যমঞ্চ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী।
এছাড়াও উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ মানিক, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, বিকল্প ধারার মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী ও তরিকত ফেডারেশনের মহাসচিব জাকির হোসাইন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার সংকটের কথা অস্বীকার করলেও উত্তরাঞ্চলে জেলাগুলোতে মানুষ কৃষিকাজের জন্যে প্রয়োজনীয় বিদ্যুৎ, সার ও ডিজেল পাচ্ছে না। ২৪ ঘন্টার মধ্যে মাত্র দু’ঘন্টা বিদ্যুৎ ও প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম সার পাচ্ছে। ফলে তারা কৃষি জমিতে পানি সেচ দিতে পারছে না। আর এক সপ্তাহ এ অবস্থা চললে তাদের জমির ফসল পুড়ে যাবে। কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
চলতি মৌসুমে এ অবস্থা অব্যাহত থাকলে উত্তরাঞ্চলে ১০ লাখ মেট্রিক টন ফসল কম উৎপাদন হবে। যার মূল্য প্রায় দ্ইু হাজার কোটি টাকা। এতে সরকার সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও কৃষকরা পথে বসবে।
ড. কামাল হোসেন বলেন, সরকার কৃষকদের দিকে দৃষ্টি দিলে এখনো কৃষকদের বিপর্যয় থেকে রক্ষা করা সম্ভব। দেশ বাঁচাতে হলে কৃষকদের বাঁচাতে হবে।
অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিরাজমান এ সমস্যার জন্যে সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও ব্যর্থতাই দায়ী। এটা গরীব মারার একটা কায়দা। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে এ সমস্যার সমাধান করা না গেলে এ বছর দেশে ২০ শতাংশ কম ফসল উৎপাদন হবে।
নজিবুল বশর মাইজভান্ডারী বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলেন, অদৃশ্য শক্তির হস্তক্ষেপের কারণে বিদ্যুৎ খাতে আসা জার্মানির উন্নয়ন সহায়তার টাকা ফিরে গেছে। এক্ষেত্রে সরকার স্বচ্ছতা নিশ্চিত করতে পারেনি।
