২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথকীকরণের শুনানি রোববার অনুষ্ঠিত হবে

মাজদার হোসেন মামলা নামে অধিক পরিচিত নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ মামলার শুনানি রোববার সকালে আপিল বিভাগে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

আপিল বিভাগের বিচারক বিচারপতি ফজলুল করিম অসুস্থতার কারণে আদালতে উপস্থিত থাকতে না পারায় সুপ্রিম কোর্ট ১ মার্চ মামলার শুনানি ২ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছিলেন।

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার ইন্টারভেনার ব্যারিস্টার আমির--উল--ইসলামের দায়ের করা আদালত অবমাননার আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে দেওয়া সুপ্রিম কোর্টের ১২ দফা দিকনির্দেশনা বিভিন্ন সময়ে লঙ্গনের অভিযোগে নয় সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যারিস্টার আমির--উল--ইসলাম আদালত অবমাননার মামলাটি দায়ের করেন।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ মামলার শুনানির পাশাপাশি সুপ্রিম কোর্টের রায় বিকৃত করার অভিযোগে নয় সরকারি কর্মকর্তারা বিরুদ্ধে জারিকৃত আদালত অবমাননার রুল ও সুপ্রিম কোর্টের ১২ দফা দিকনির্দেশনা বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সরকারের ব্যাখ্যা প্রদানের বিষয়টি আপিল বিভাগের রোববারের শুনানির জন্যে নির্ধারিত কসলিস্টে প্রথম আইটেম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সর্বোচ্চ আদালত অভিযুক্ত নয় সরকারি কর্মকর্তার আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি ও আদালতে সশরীরের উপস্থিতি না থাকার ব্যাপারে কোন নির্দেশ না দেওয়ায় রোববারের শুনানির সময় তাদেরকে সশরীরে প্রধান বিচারপতির আদালতে উপস্থিত থাকতে হবে।

অভিযুক্ত সরকারি কর্মকর্তারা হলেন - যুগ্ম সংস্থাপন সচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার, মোঃ আব্দুর রব হাওলাদার, ডেপুটি সচিব মোঃ আবুল কালাম আজাদ চৌধুরী ও সিনিয়র সহকারি সচিব মোঃ খলিলুর রহমান, ডেপুটি আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব শফিকুল ইসলাম তালুকদার ও সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ হারুনুর রশিদ, মন্ত্রিপরিষদ উপ সচিব মোঃ ফজলুল হক এবং অর্থ সচিব একেএম মোতালেব হোসেন।