এসসিবিএ’র নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নিরঙ্কুশ বিজয়
বিরোধী দলসমর্থিত আইনজীবীদের ফোরাম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়েছে।
সম্মিলিত পরিষদ ১৪টি পদের সবগুলোতেই জয়ী হয়েছে।
সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আমির-উল-ইসলাম। তিনি পেয়েছেন ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকারসমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের হাবিবুল ইসলাম ভূইয়া পেয়েছেন ৫০০ ভোট।
সম্পাদক পদে নির্বাচিত হয়েছে এ এম আমিনুদ্দিন। তিনি পেয়েছেন ৭৩৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ঐক্য ফোরামের আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৬০১ ভোট।
এছাড়া সহসভাপতি পদে আব্দুল মান্নান খান ও এটিএম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে মোঃ আকরাম হোসেন চৌধুরী, সহসম্পাদক পদে মোঃ আব্দুল মান্নান ও মোতাহার হোসেন সাজু নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে অরবিন্দ কুমার রায়, ফরিদ আহমেদ, জান্নাতুল ফেরদৌসী রূপা, মোঃ মোজাম্মেল হক রানা, পূরবী রানী শর্মা, শেখ আখতারুল ইসলাম ও এসএম ফজলুল হক নির্বাচিত হয়েছেন।
বুধবার থেকে শুরু হওয়া দু’দিনের নির্বাচনে ১,৬২২ জন ভোটারের মধ্যে ১,৪৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নিজামুল হক নাসিম অনানুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
