সংস্কার প্রস্তাব নীতিগতভাবে না মেনে কমিটি গঠনের নামে সরকারের কালক্ষেপন- হাসানুল হক ইনু
নরসিংদীর ঘোড়াশাল মাঠে বুধবার বিকালে জাসদের সভপতি হাসানুল হক ইনু বলেছেন, সরকার সংস্কার প্রস্তাব নীতিগতভাবে না মেনে কমিটি গঠনের নামে কালক্ষেপন করছে মাত্র।
জাতীয় সমাজতান্ত্রিক দলের উদ্দ্যেগে নরসিংদীর ঘোড়াশালে আয়োজিত এককর্মী সম্মেলন ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব নীতিগতভাবে না মেনে কমিটি গঠনের নামে সরকার কালক্ষেপন শুরু করেছে এবং ১৪ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানী অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, ১৪ দল দেশে শান্তি ও সমঝোতা চায় বলেই বিরোধী দলীয় নেত্রী সংসদে গিয়ে নির্বাচনী সংস্কার প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি জোট সরকারকে আর সময় না দিয়ে এখনই পদত্যাগে বাধ্য করার জন্যে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
পলাশ উপজেলার জাসদ সভাপতি মো. শহিদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কেন্দ্রীয় সদস্য মাইন উদ্দীন খান বাদল, নাদের চৌধুরী, জায়েদুল কবির এবং মোবারক আলী।
