বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শুরু
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) ১৪ সদস্যের নির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে বুধবার ভোট গ্রহণ শুরু হচ্ছে।
এসসিবিএ মিলনায়তনে বুধ ও বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রতিদিন দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত এক ঘণ্টা করে বিরতি থাকবে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এসসিবিএ কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ।
নির্বাচনে বিভিন্ন পদে ৩৪ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে চারজন, সহসভাপতি পদে পাঁচজন ও সচিব পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে ব্যারিস্টার এম আমির-উল-ইসলাম, ব্যারিস্টার মাসুদ রেজা শোভন, অ্যাড. হাবিবুল ইসলাম ভূইয়া, অ্যাড. এবিএম নূরুল ইসলাম; সহসভাপতি পদে অ্যাড. আব্দুল মান্নান খান, অ্যাড. আবু বকর সিদ্দিকী, অ্যাড. এটিএম মিজানুর রহমান, অ্যাড. গোলাম আরশেদ ও অ্যাড. আসাদুল্লাহ; সম্পাদক পদে অ্যাড. এএম আমিনুদ্দিন, ব্যারিস্টার আসাদুল্লাহ আল মামুন ও অ্যাড. এবিএম বায়েজিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ক্ষমতাসীন বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিজেএএফ) সাবেক মন্ত্রী ও হাইকোর্টের বিচারক এবং এসসিবিএ সভাপতি হাবিবুল ইসলাম ভূইয়াকে সভাপতি ও ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে সম্পাদক পদে মনোনয়ন দিয়েছে।
অন্যদিকে বিরোধী দল সমর্থিত আইনজীবী সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) সাবেক মন্ত্রী ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং এসএএসপি’র আহ্বায়ক ব্যারিস্টার এম আমির-উল ইসলামকে সভাপতি এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেলারেল এএম আমিনুদ্দিনকে সম্পাদক পদে মনোনয়ন দিয়েছে।
অ্যাড. টিএইচ খানের নেতৃত্বাধীন বিজেএএফ অ্যাড. এবিএম নূরুল ইসলামকে এর আগে সভাপতি পদে মনোনয়ন দেয়।
তখন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন অংশ সভাপতি পদে অ্যাড. হাবিবুল ইসলাম ভূইয়াকে মনোনয়ন দেয়। টিএইচ খানের নেতৃত্বাধীন অংশ পরে তাকে সমর্থন দেয়। অ্যাড. এবিএম নূরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচনে এসসিবিএ’র এক হাজার ৬ শ’ ৯ জন আইনজীবী ভোটার তালিকাভুক্ত হয়েছেন।
