২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের রায় উপেক্ষা করে উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছেন নগরীর ধলপুর বস্তিবাসীরা

আদালতের রায় উপেক্ষা করে উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছেন নগরীর ধলপুর বঙ্গবন্ধু বস্তির প্রায় চার শতাধিক পরিবার। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে উচ্ছেদকৃতরা অভিযোগ করেন, এ মুহূর্তে উচ্ছেদ না করার ব্যাপারে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এক শ্রেণীর প্রভাবশালীদের মদদে তাদের বস্তি থেকে জোরপূর্বক উচ্ছেদ করেছে পুলিশ।

তারা বলেন, বঙ্গবন্ধু বস্তিতে প্রায় ৪০০ পরিবার ৬--৭ হাজার লোক নিয়ে ১৫--২০ বছর ধরে বসবাস করে আসছে। বস্তিবাসী মানুষের আর্থ--সামাজিক উন্নয়নের কথা বিবেচনা করে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান তাদের দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে। অথচ এক শ্রেণীর কুচক্রি মহলের ষড়যন্ত্রে তাদের উচ্ছেদ করেছে পুলিশ।

বস্তি নেতৃবৃন্দ বলেন, গত মাসের ২ তারিখ ঢাকা সিটি করপোরেশনের উচ্ছেদ কমিটি থেকে ৭২ ঘন্টার মধ্যে বস্তি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এ উচ্ছেদ আদেশের বিরুদ্ধে আমরা আদালতের শরণাপন্ন হলে আদালত চার মাসের জন্যে উচ্ছেদ বন্ধ করার নির্দেশ দেন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে ২৫--৩০ জন দাঙ্গা পুলিশ তাদের বস্তি থেকে উচ্ছেদ করেছে।

‘একটি কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা আজ আশ্রয়হীন হয়ে রাস্তাঘাটে মানবেতর জীবন যাপন করছি। বৃদ্ধ মা, বাবা আর দুধের শিশু নিয়ে রাস্তায় রাত কাটাচ্ছি,’ কান্নাজড়িত কন্ঠে বলেন উচ্ছেদকৃত বস্তি নেতৃবৃন্দ।

বস্তিবাসীরা তাদের উচ্ছেদকৃত জায়গায় পুনরায় বসবাসের ব্যবস্থা করার দাবি জানান।

সম্মেলনে বস্তিবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. হালিম, মো. সোহরাব হোসেন, আনোয়ারা বেগম প্রমুখ।