সংস্কার নিয়ে আলোচনার পাশাপাশি দাবী আদায়ের সংগ্রাম চলবেই : আ.লীগের স্বাধীনতা র্যালিতে জলিল
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ রোববার বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য ‘স্বাধীনতা র্যালি’ করেছে। বিশাল ওই মিছিলে আওয়ামী লীগ নেতা কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সমর্থক নারী পুরুষ অংশ নেন।
মিছিলের আগে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রশ্নে আলোচনার টেবিলে আলোচনা চলবে। কিন্তু দাবী আদায়ের জন্যে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আমরা যুদ্ধ করছি। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আমাদের দাবী আদায় করতে হবে।
আব্দুল জলিল বলেন, এ লক্ষ্যে আগামী ৩০ মার্চ সকাল ১১ টা থেকে আমরা সচিবালয়ের চতুর্দিকে অবস্থান করবো। ওই কর্মসূচি সফল করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে অবস্থান ধর্মঘটে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বলেন, বিএনপি - জামাত জোট সরকার সংস্কার বাস্তবায়ন নিয়ে টালবাহানা ও কালক্ষেপণ করছে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, আখতারুজ্জামান, নুরুল ইসলাম নাহিদ, অধ্যাপিকা নাজমা রহমান, মহানগর নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আলহাজ মকবুল হোসেন ও কামাল আহমেদ মজুমদার।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, একাত্তরের পরাজিত অপশক্তি ও ঘাতকরা আজ রাষ্ট্র ক্ষমতায়। ওরা আমাদের পবিত্র সংবিধানকে ক্ষতবিক্ষত করছে। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকাকে বদলানোর ষড়যন্ত করছে।
তারা বলেন, একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জঙ্গি রাজাকার আল বদরদের প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তিকে রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সোনার বাংলা গড়তে হবে।
বক্তারা বলেন, ক্ষমতাসীন জোট দেশের মানুষের সম্পদ লুটেপুটে খাচ্ছে। অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে এই অশুভ শক্তিকে প্রতিরোধ করে বাংলাদেশকে রাজাকার মুক্ত করবো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো।
সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা ঘুরে স্বাধীনতা মিছিলটি শেষ হয় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন চত্বরে।
দুপুর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ নেতা কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে সমবেত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল পৌণে ৫টায় মিছিল শুরু হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা উৎসব মুখর পরিবেশে ঢাক ঢোল ও বাদ্য বাজনা বাজিয়ে এবং জোট সরকার ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এছাড়া তারা জাতীয় ও দলীয় পতাকা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি, দলীয় প্রতীক নৌকা, নানান স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার বহন করে।
