বৃহস্পতিবার থেকে ৩ দিনব্যাপী ঢাকা-ফুলবাড়ি রোড মার্চ শুরু
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী ঢাকা-ফুলবাড়ি রোডমার্চ শুরু করবে।
এশিয়া এনার্জির সাথে সম্পাদিত চুক্তি বাতিল, খনিজ সম্পদ নিয়ে বিপর্যয় সৃষ্টিকারী গোপনে সম্পাদিত চুক্তিসমূহ বাতিল, এর সাথে জড়িত কমিশন ভোগীদের সম্পত্তি বাজেয়াপ্ত ও বিচার এবং প্রাচীন জনপদ ফুলবাড়িয়াসহ দেশের সম্পদ রক্ষার দাবিতে এই রোড মার্চ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ উপলক্ষে ২৩ মার্চ সকাল ১০টায় ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশের মাধ্যমে রোড মার্চ কর্মসূচির সূচনা করা হবে। পরে ঢাকা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসযোগে যাত্রা শুরু হবে। দুপুরে আজমপুর, টঙ্গী, জয়দেবপুর চৌরাস্তা, বিকালে পাকুল্লা, এলেঙ্গা ও সন্ধ্যায় সিরাজগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং সিরাজগঞ্জে রাত্রিযাপন করবেন। ২৪ মার্চ সিরাজগঞ্জ মোড়, ভূঁইয়াগাতি, চান্দাইকোণা, শেরপুর, বগুড়া শহর এবং গোবিন্দগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ সকালে ঘোড়াঘাটে সমাবেশের পর ফুলবাড়ি অভিমূখে যাত্রা, বিকাল ৪টায় ফুলবাড়িতে সমাবেশ এবং ফুলবাড়ি ঘোষণা পাঠের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে ঢাকা-দিনাজপুরের ফুলবাড়ি রোড মার্চ সফল করতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান। তারা বলেন, একমাত্র জনগণের আন্দোলনই দেশের সম্পদ রক্ষার সংগ্রামকে বিজয়ী করতে পারে।
